অভিনেত্রী তিলোত্তমা সোমের চিত্রনাট্য বাছাই বারবার প্রশংসিত হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। এবার তাঁকে দেখা যাবে সমপ্রেমের গল্পে। ছবির নাম ‘মুঝে জান না কাহো মেরি জান’। এই ছবির হাত ধরে তিলোত্তমা প্রথমবার কাজ করবেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠীর সঙ্গে। চলতি বছরের শেষে ছবিটির শ্যুটিং শুরু হবে বলে খবর। এই ছবির প্রযোজনাও করছেন শ্বেতা। দীর্ঘদিন ধরে তিলোত্তমার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল অভিনেত্রীর। এই ছবির মাধ্যমে সেই স্বপ্নপূরণ হচ্ছে। অন্যদিকে, তিলোত্তমার বাংলা ছবি ‘শ্যাডো বক্স’র হাত ধরে চলতি বছর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নের সফর শুরু হচ্ছে। অভিনয় ছাড়াও এই সিনেমাটি প্রযোজনাও করেছেন তিলোত্তমা। আগামী ১৪ আগস্ট ১৬তম চলচ্চিত্র উৎসবের প্রথমদিন দেখানো হবে ছবিটি। এখানে মায়ার চরিত্রে দেখা যাবে তিলোত্তমাকে।



