মুম্বই, ২৩ অক্টোবর: ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু একজন প্রবীণ শিল্পীকে প্রকাশ্যে এভাবে অপমান? ক্ষোভ উগরে দাদা দালের মেহেন্দির পাশে দাঁড়ালেন মিকা সিং। সম্প্রতি উত্তরাখণ্ডের তেহরির সিদ্ধপীঠ মা কুঞ্জাপুরী পর্যটন ও উন্নয়ন মেলায় নবরাত্রি উপলক্ষে পারফর্ম করতে গিয়েছিলেন দালের। অভিযোগ সেখানেই সেই রাজ্যের মন্ত্রী সুবোধ উনিয়াল দালেরকে অপমান করেন। এছাড়াও বলেন, তিনি গান গাইতে পারছেন না। মন্ত্রী সকলের সামনে এটাও দাবি করেন যে, দালের মেহেন্দি মদ্যপ অবস্থায় স্টেজে উঠেছেন।
মিকা এই পুরো ঘটনায় সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিকা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে এবিষয়ে কথা হয়েছে বলেই জানান। ‘সমাজ মাধ্যমে মন্ত্রী সুবোধ উনিয়ালকে ক্ষমাও চাইতে হবে’, এমনটাই দাবি করেন। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। মিকা এটাও বলেন, ‘ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু একজন শিল্পীকে সম্মান করাও জরুরি।’



