সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: ডুয়ার্স সহ হিমালয়ের পাদদেশ অঞ্চলে থাইরয়েড এবং মুখগহ্বরে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিসংখ্যান থেকে এই তথ্য উঠে এসেছে। মেডিক্যালের ইএনটি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাত বলেন, জলে কম আয়োডিনের কারণে ডুয়ার্স সহ হিমালয়ের পাদদেশে অঞ্চলে থাইরয়েডের সমস্যায় বেশি ভোগেন মানুষ। সময়মতো চিকিৎসা না করায় ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে মুখগহ্বরের ক্যান্সার। দেখা গিয়েছে অপুষ্টি ও বিভিন্ন নেশার কারণেই এই ক্যান্সারের প্রবণতা বাড়ছে। ডুয়ার্সে ক্যান্সার আক্রান্তের হার বেশি। সপ্তাহে দু’টি করে ক্যান্সারের বড় অস্ত্রোপচার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে হচ্ছে।
ক্যান্সারের থাবা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে জেলাস্তরে সরকারি হাসপাতালে রোগীদের দ্রুত যোগাযোগ করে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা শুরু করা জরুরী বলে তিনি মনে করেন। এক প্রশ্নের উত্তরে ডাঃ মাহাত বলেন, সর্বস্তরে ব্যাপক সচেতনতা প্রচারের প্রয়োজন রয়েছে। অনেকেই সমস্যার শুরুতে ডাক্তার বা হাসপাতালে যান না। থাইরয়েড ও মুখগহ্বরে ক্যান্সার ছড়িয়ে পড়ার পরে রোগীরা আমাদের এখানে আসছেন। অথচ, শুরুতেই যদি তারা সরকারি জেলা হাসপাতালে ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু করতেন তাহলে অনেক ক্যান্সারই বিপজ্জনক হয় না। অনেকে সুস্থ হয়ে উঠতে পারেন।
ক্যান্সার আক্রান্তের লক্ষণ ও তার চিকিৎসা নিয়ে প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা প্রচারের অভাব রয়েছে বলে মনে করেন চিকিৎসকরা। এই সমস্যা আরও জটিল করেছে এখনও গ্রামের একটি বড় অংশের মানুষের ঝাড়ফুঁক, ওঝা, হাতুড়েদের উপর নির্ভরতা। দ্রুত নিকটবর্তী জেলা হাসপাতালে যাওয়ার ব্যাপারে গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য সচেতনতা প্রচার বেশি জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা।
ডাঃ রাধেশ্যাম মাহাত বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে একজন রোগীর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা সবদিক দিয়েই সমস্যার। এই কারণেও অনেকে এখানে আসতে চান না। সেক্ষেত্রে তাদের জানা উচিত, নিকটবর্তী জেলা হাসপাতালে এখন ক্যান্সার নির্ণয় ও ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপি সবই মিলছে। সেখানে শুরুতেই যদি রোগ ধরা পড়ে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়, তারপর আমাদের এখানে পরবর্তী চিকিৎসায় দ্রুত সুফল মিলতে পারে। রোগীর ঝুঁকিও কমে যায়।
থাইরয়েড ও ওরাল ক্যান্সার নিয়ে শনিবার শিলিগুড়ির একটি হোটেলে কর্মশালার আয়োজন করেছে উত্তরবঙ্গ ইএনটি ডক্টর্স অ্যাসোসিয়েশন। এখানে বিহার, নেপাল, অসম, কলকাতা সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ইএনটি চিকিৎসকরা আসবেন। তাঁরা তাদের মতবিনিময় করবেন। পাশাপাশি শনিবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি থাইরয়েড ও একটি মুখগহ্বরের ক্যান্সারের বড় অস্ত্রোপচার হবে এবং হটেলের অনুষ্ঠান মঞ্চে থাকা অন্যান্য ডাক্তাররা সেখানে বসে এর লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন বলে জানান
ডাঃ মাহাত।