Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টের দেবনাথপুরে সোনার দোকান থেকে ১০ লক্ষের গয়না ও টাকা চুরি 

তেহট্টের দেবনাথপুরে সোনার দোকান থেকে ১০ লক্ষের গয়না ও টাকা চুরি 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট থানার দেবনাথপুরে একটি সোনার দোকানে ভয়াবহ চুরি হয়েছে। বুধবার রাতে সেখান থেকে প্রায় ১০লক্ষ টাকার সোনার গয়না ও টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিস তদন্তে নেমে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে বৃহস্পতিবার রাত অবধি এঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিস মনে করছে, এঘটনার সঙ্গে রানাঘাটের ধানতলায় পরপর তিনটি সোনার দোকানে চুরির ঘটনার মিল রয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, দেবনাথপুর বাসস্ট্যান্ড চত্বরে জনবহুল এলাকায় শুভজিৎ সরকারের সোনার দোকান। বুধবার গভীর রাতে এই দোকানের পিছন দিকের লোহার সাটার খুলে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। দোকানে সিসি ক্যামেরা থাকলেও তার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।
শুভজিৎবাবু বলেন, সকালে দোকান খুলে দেখি, সব লণ্ডভণ্ড করা হয়েছে। আলমারি ভাঙা। পিছনের সাটার খোলা। প্রায় ১০০গ্রাম সোনা, নগদ ৭০ হাজার টাকা ও রুপোর গয়না চুরি হয়েছে। সবমিলিয়ে, প্রায় ১০লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে।
খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বেশ কয়েকদিন আগে রানাঘাট পুলিস জেলার ধানতলায় পরপর তিনটি সোনার দোকানে চুরি হয়েছিল। সেই চুরির ঘটনায় এখনও পর্যন্ত পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সেই ঘটনায় যারা যুক্ত, তারাই দেবনাথপুরের সোনার দোকানে চুরির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে পুলিস মনে করছে। 
সম্পর্কিত সংবাদ