সংবাদদাতা, তেহট্ট: স্বাস্থ্যদপ্তরের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহট্ট মহকুমা হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠল। রবিবার এক রোগীর আত্মীয় এই অভিযোগ তোলেন। তবে এনিয়ে তিনি হাসপাতালের সুপারের কাছে কোনও অভিযোগ জানাননি। অভিজিৎ দেবনাথ নামে ওই যুবক এদিন দুপুরে তাঁর বন্ধুকে দেখতে হাসপাতালে এসেছিলেন। তিনি বলেন, উত্তরবঙ্গের একটি সংস্থার স্যালাইন ব্যবহারে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আরও কয়েকজন প্রসূতি গুরুতর অসুস্থ। এরপরই স্বাস্থ্যদপ্তর ওই স্যালাইন নিষিদ্ধ করেছে। কিন্তু আমি রোগীকে দেখতে গিয়ে দেখি, সেই সংস্থার স্যালাইন দেওয়া হচ্ছে। আমি বিষয়টি জানাতেই ওই স্যালাইন খুলে নেওয়া হয়। হাসপাতালের সুপার বাপ্পাদিত্য ঢালী বলেন, ওই সংস্থার সমস্ত স্যালাইন ব্যবহার বন্ধ করার নির্দেশ আমাদের দেওয়া হয়েছে। আমরা তা ব্যবহার বন্ধ করে দিয়েছি।



