Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘন কুয়াশায় কালচিনিতে দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু

শনিবার ভোরে ঘন কুয়াশায় আলিপুরদুয়ার জেলার কালচিনিতে পথদুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে।

ঘন কুয়াশায় কালচিনিতে দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু
  • ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: শনিবার ভোরে ঘন কুয়াশায় আলিপুরদুয়ার জেলার কালচিনিতে পথদুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। মৃত তিন যুবকের মধ্যে দুই যুবক সম্পর্কে জ্যেঠতুতো ভাই। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কালচিনির গরমবস্তি এলাকায় অসমগামী ৩১-সি জাতীয় সড়কে। একটি ছোট গাড়ির সঙ্গে জেসিবি বোঝাই একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক রাজু মণ্ডলের (৩১)। তাঁর বাড়ি আলিপুরদুয়ার শহরের শান্তিপাড়ায়। পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মারা যান গাড়িটির আরোহী মনোজিৎ বিশ্বাস(৩২) ও সৌতিক বিশ্বাস (৩৫)। তাঁদের বাড়ি কুমারগ্রামের সংকোশে। তাঁরা সম্পর্কে জ্যেঠতুতো ভাই। 

Advertisement


ছোট গাড়িটি হাসিমারা থেকে কুমারগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে ট্রেলারটি অসম থেকে শিলিগুড়ি যাচ্ছিল। গরমবস্তিতে জাতীয় সড়কে একটি বাঁক আছে। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ভোরের  কুয়াশায় রাস্তায় তেমন দৃশ্যমানতা ছিল না। ফলে দুটি গাড়ির মধ্যে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। 
সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে সংঘর্ষে ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে একবারের টিনের মতো চুপসে গিয়েছে। অন্যদিকে, ট্রেলারটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। শীতের মরশুমে স্থানীয়রা অনেকেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। সংঘর্ষের বিকট শব্দ পেয়ে তাঁরা ছুটে আসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক রাজু মণ্ডলের। খবর পেয়ে নিমতি ফাঁড়ির পুলিশ এসে জখম দুই যুবককে উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানেই পরে দুই যুবক মারা যান। এই ঘটনায় আলিপুরদুয়ার ও সংকোশে শোকের ছায়া নেমে এসেছে।  


এই ঘটনার পর এদিনই একটু বেলার দিকে গরমবস্তির পাশে পোড়োবস্তি এলাকায় গাড়ির ধাক্কায় এক ভবঘুরে মহিলা গুরুতর জখম হন। পুলিশ জখম মহিলাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করে। মহিলার বয়স ৪০-৪৫ বছরের মতো।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘন কুয়াশায় সতর্কভাবে গাড়ি চালানোর জন্য প্রতিদিন ভোর থেকে সচেতনতা অভিযান চালাচ্ছে পুলিশ। তারপরেও মানুষের হুঁশ ফিরছে না।  দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ