সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ক্যাফে কিংবা অফিস খুলে নয়। বাড়ির ভিতরে গোপনে চলছিল জাল আধার কার্ড তৈরির কারবার। ইটাহারের পর কালিয়াগঞ্জে অভিযান চালিয়ে হাতেনাতে তিন যুবককে গ্রেপ্তার করল পুলিস। সেই বাড়ি থেকে জাল আধার তৈরির যাবতীয় সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে কালিয়াগঞ্জ থানার পুলিস। ধৃতদের নাম জগদীশ সরকার, তপন বর্মন ও লাটিম দেবশর্মা। তাদের বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের দেওগাঁ এলাকায়। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে পুলিস। রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী অতনু দাস বলেন, বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিস হেফাজতে পাঠিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত জগদীশের বাড়িতে চলত জাল আধার কার্ড তৈরির কারবার। এক থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে জাল আধার তৈরি করে দেওয়া হতো বাংলাদেশিদের। এছাড়া অভিযুক্তরা সংশোধনও করে দিত। গ্রামে বাড়ির ভিতর কীভাবে চলত এই কারবার? তদন্তকারীরা বলছেন, কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এজেন্টরা গোপনে গ্রাহকদের বাড়িতে আনত। এরপর বানিয়ে দেওয়া হতো জাল আধার।
কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ওই বাড়ি থেকে ল্যাপটপ, স্ক্যানার, ওয়েব ক্যামেরা সহ আরও কিছু সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। এই চক্রে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তকারীরা জানান, এক বছর ধরে ধৃতরা এই বাড়ি থেকে জাল আধার বানানোর কারবার চালাত। বিভিন্ন এলাকায় ডিভাইস নিয়ে গিয়েও করবার চালিয়ে যাচ্ছিল তারা। বিষয়টি খুব উদ্বেগের বলে মন্তব্য কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান ধৃতি রায় বর্মনের। তাঁর বক্তব্য, পঞ্চায়েত সদস্যদের বলেছি, এলাকায় এমন অবৈধ কাজকর্মের খবর পেলে বিন্দুমাত্র দেরি না করে আমাকে ও পুলিসকে জানাতে।