সংবাদদাতা, উলুবেড়িয়া ও বসিরহাট: ফের বেলাগাম গতিতে বাইক চালাতে গিয়ে দুই দুর্ঘটনা। উলুবেড়িয়া আর বসিরহাটে এই দুই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যুবকের। উলুবেড়িয়ায় মৃত্যু হয়েছে দুই যুবকের, বসিরহাটে একজনের। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে কোনো ক্ষেত্রেই বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না।
সোমবার গভীর রাতে একটি দুর্ঘটনা ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার চেকপোস্টের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম অরুণ হাজরা (২২) এবং পিকলু ঘোড়ুই (২৪)। প্রথমজনের বাড়ি রাজাপুর থানার বাসুদেবপুর ঢাকিপাড়ায়, আর দ্বিতীয়জন থাকতেন সাঁকরাইল থানার কান্দুয়া এলাকায়। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
সোমবার গভীর রাতে দুই যুবক হেলমেট না পরে বাইকে চেপে দ্রুতগতিতে কোলাঘাট অভিমুখে যাচ্ছিলেন। উলুবেড়িয়া থানার চেকপোস্টের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দেয়। তাতে দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর উলুবেড়িয়া ট্রাফিক গার্ড ও উলুবেড়িয়া থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যান। চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বসিরহাটে অন্য দুর্ঘটনায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছেন তিনজন। বসিরহাট থানার আঁখারপুর এলাকার ওল্ড সাতক্ষীরা রোড়ে সোমবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। এক্ষেত্রেও কেউ হেলমেট পরে ছিলেন না। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি দ্রুতগামী বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চারজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। বিকট আওয়াজ শুনে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা আহতদের উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে শাহরুখ মণ্ডল (২৮) নামে যুবককে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।



