নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বর্ণাঢ্য শোভাযাত্রা করে আরামবাগ মহকুমার তিন তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। সোমবার আরামবাগে মহকুমা শাসকের অফিসে এসে তৃণমূলের গোঘাটের প্রার্থী নির্মল মাজি, আরামবাগের মিতা বাগ ও খানাকুলের পলাশ রায় মনোনয়নপত্র পেশ করেন। তার আগে আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে তৃণমূল মিছিল করে। নীল-সাদা বেলুনের সারি, মহিলা ঢাকি ও সাউন্ড বক্স নিয়ে উৎসবের মেজাজে মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিন সকালে বাসুদেবপুর মোড় এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকরা জমায়েত করেন। অন্যদিকে, খানাকুলে ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিয়ে স্থানীয় ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী পলাশ রায় ও কর্মীরা জড়ো হন। সেখান থেকে বাইক র্যালি করে তাঁরা আরামবাগে এসে মিছিলে যোগ দেন। গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি রেজিস্ট্রি অফিস মোড়ে পার্টি অফিস থেকে হুডখোলা গাড়িতে চেপে আরামবাগে আসেন। কর্মীরা বাইক র্যালি করেন। এরপর পল্লিশ্রী এলাকা থেকে হেঁটেই গোঘাটের তৃণমূল কর্মীরা এসডিও অফিস চত্বরে যান।



