Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে আট ঘণ্টার মধ্যে উদ্ধার তিন কিশোর

নিখোঁজ ডায়েরির আট ঘণ্টার মধ্যে নিখোঁজ তিন কিশোরকে উদ্ধার করল মুর্শিদাবাদ থানা। বুধবার ওই তিন কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

মুর্শিদাবাদে আট ঘণ্টার মধ্যে উদ্ধার তিন কিশোর
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: নিখোঁজ ডায়েরির আট ঘণ্টার মধ্যে নিখোঁজ তিন কিশোরকে উদ্ধার করল মুর্শিদাবাদ থানা। বুধবার ওই তিন কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। লালবাগ মহকুমা পুলিস আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব বলেন, নিখোঁজ ডায়েরির পর মুর্শিদাবাদ থানার পুলিসের একটি টিম অত্যন্ত তৎপরতার সঙ্গে তিন কিশোরকে শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার করে। এদিন তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

Advertisement

মুর্শিদাবাদ থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৮টা থেকে সিঙ্গা গ্রামের তিন কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন মঙ্গলবার দুপুরে নিখোঁজ এক কিশোরের দাদা ফারুক আহমেদ বিষয়টি জানিয়ে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের পরেই পুলিস খোঁজখবর নিয়ে জানতে পারে ওই তিন কিশোর শিয়ালদহ স্টেশনে রয়েছে। তাদের ট্রেনে চেপে ভিনরাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই মুহূর্তেই মুর্শিদাবাদ থানার পুলিসের পক্ষ থেকে শিয়ালদহ রেল পুলিসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়। সমস্ত তথ্যের ভিত্তিতে রেল পুলিস ওই তিন কিশোরকে খুঁজে বের করে নিজেদের হেফাজতে রাখে। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ থানার পুলিসের একটি টিম শিয়ালদহ স্টেশনে পৌঁছয়। পরবর্তীতে রেল পুলিসের পক্ষ থেকে ওই তিন কিশোরকে মুর্শিদাবাদ থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ফারুক আহমেদ বলেন, মুর্শিদাবাদ থানা পুলিসের সক্রিয় ভূমিকার জন্য তিনজনকে ফিরে পাওয়া গেছে। কোনও অপরাধী গ্যাংয়ের খপ্পরে পড়ে গেলে বড় বিপদ ঘটে যেতে পারত। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ