স্বার্ণিক দাস, কলকাতা: আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল দেশ। ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ৯ আগস্ট। অভয়ার মায়ের কথায়, গত সরকারের আমলে ‘জাস্টিস’ মেলেনি। কিন্তু, পালাবদল হলেও সেই আর জি করে রোগীরা কি আজ সুরক্ষিত?
মাত্র ১৩ দিনের মধ্যে হাসপাতাল থেকে পরপর তিনজন রোগী বেপাত্তা হওয়ায় এই প্রশ্নই উঠেছে। প্রশ্ন তুলেছেন আর জি করে ভরতি থাকা রোগীর পরিজনরাই। ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর— এই তেরো দিনে আর জি কর হাসপাতাল থেকে দিনেদুপুরে গায়েব হয়ে গিয়েছেন তিনজন রোগী। নিখোঁজদের মধ্যে রয়েছেন কড়া নিরাপত্তায় মোড়া ট্রমা কেয়ার সেন্টারে ভরতি থাকা রোগীও। হাসপাতালের রেকর্ডে ওই তিন রোগীর নাম, পরিচয় কিছুই নেই। থাকার মধ্যে রয়েছে শুধু রোগীর রেজিস্ট্রেশন নম্বর। তার উপর ভিত্তি করেই টালা থানায় তিনটি অভিযোগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনটি পৃথক অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে টালা থানা। হাসপাতাল চত্বরের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ১৩ দিনের মধ্যে পরিচয়হীন তিন রোগী উধাও হয়ে যাওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। এ প্রসঙ্গে, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি’।
পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে ১ নভেম্বর। টালা থানাকে দেওয়া হাসপাতালের ওয়ার্ড মাস্টারের অভিযোগপত্র অনুযায়ী, রোগীর রেজিস্ট্রেশন নম্বর আরজি-২৬০০৯২৭৬৪৪। রোগীর বয়স আনুমানিক ৩৪ বছর। ২৯ অক্টোবর হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। ওইদিন বিকাল ৫টা নাগাদ ওই রোগী বেপাত্তা হয়ে যান। হাসপাতাল ও পুলিশের রেকর্ডই সেকথা বলছে। মধ্যরাত কিংবা কাকভোর হলে না হয় কথা ছিল, কিন্তু বিকালের ভিজিটিং আওয়ার্সের ব্যস্ত সময়ে কী করে এটা সম্ভব হল? ওই ওয়ার্ডের নিরাপত্তায় যিনি ছিলেন, তাঁর দায় নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
পরের ঘটনাটি ঘটে ৭ নভেম্বর। সেদিনও রোগী বেপাত্তা হওয়ার বিষয়টি নজরে আসে বিকাল ৫টায়। পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সি ওই রোগী ভরতি ছিলেন পুরুষ বিভাগে। তাঁরও নাম জানতে পারেনি পুলিশ। তবে হাসপাতালের তথ্যভাণ্ডার অনুযায়ী, রোগীর রেজিস্ট্রেশন নম্বর আরজি-২৬০০৯১৭৯৩১। সাতদিন আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাসপাতাল চত্বরে কি আদৌ নজরদারি বাড়ানো হয়েছিল? আর জি করের অন্যান্য রোগীদের আত্মীয়দের কথায়, ‘হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক থাকলে কি পরপর রোগী নিখোঁজের ঘটনা ঘটত? এবার তো আমাদের রোগীদের কী হবে, তা নিয়েও চিন্তা হচ্ছে!’
শেষের ঘটনাটি আরও মারাত্মক। ৯ নভেম্বর আর জি করের ট্রমা কেয়ার সেন্টারে ভরতি হন এক ব্যক্তি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। সাধারণত এই বিল্ডিংয়ে বাইরে থেকে যাতে মাছিও গলতে না পারে, তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা থাকে। অভয়ার ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরদারির নির্দেশ দেয় আদালত। কিন্তু, নিরাপত্তার বজ্রআঁটুনির ফাঁক গলে কেউ বা কারা ওই রোগীকে ১৩ নভেম্বর ‘অপহরণ’ করে নিয়ে গিয়েছে। পুলিশের এফআইআর এমনটাই বলছে। হাসপাতাল জানিয়েছে, রোগীর রেজিস্ট্রেশন নম্বর আরজি-২৬০০৯৫৭৮০৪। ট্রমা কেয়ারে ভরতি এক রোগীর ভাই আমিনুল মোল্লা বলেন, ‘অভয়ার ঘটনায় সরকারি হাসপাতালে নিরাপত্তা ও রোগী সুরক্ষার যে ফাঁক প্রকাশ্যে এসেছিল, সরকার বদলের পরও সেই ফাঁক একটুও কমেনি। নতুন সরকারের উচিত সেদিকে নজর দেওয়া। তাহলে রোগীর পরিবারগুলি একটু নিশ্চিন্ত হতে পারে।’



