Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইউপিআই লেনদেনে নয়া তিনটি সুবিধা চালু দেশে

এই পরিষেবাগুলির উদ্বোধন করেছেন অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা দপ্তরের  সচিব এন নাগারাজু।

ইউপিআই লেনদেনে নয়া  তিনটি সুবিধা চালু দেশে
  • ৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য তিনটি নতুন সুবিধা বা পরিষেবা আনল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনপিসিআই। সেগুলি হল ‘অন ডিভাইস বায়োমেট্রিক অথেন্টিকেশন’, ‘আধার বেসড ফেস অথেন্টিকেশন’ এবং এইপিআইয়ের মাধ্যমে মাইক্রো এটিএম থেকে নগদ টাকা তোলার সুবিধা। এই পরিষেবাগুলির উদ্বোধন করেছেন অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা দপ্তরের  সচিব এন নাগারাজু।

Advertisement

এনপিসিআই জানিয়েছে, ‘অন ডিভাইস বায়োমেট্রিক অথেন্টিকেশন’ এমন একটি সুবিধা, যেখানে অনলাইন লেনদেনের ক্ষেত্রে  ইউপিআই পিনের প্রয়োজন হবে না। তার পরিবর্তে গ্রাহক চাইলে মোবাইল ফোনের মাধ্যমে ইউপিআই পেমেন্ট যাচাই করে নিতে পারবেন। মোবাইল সেটগুলিতে আঙুলের ছাপ বা মুখমণ্ডলের ছবি ব্যবহারের মাধ্যমে ‘আনলক’ করার সুবিধা থাকে। সেই প্রযুক্তি কাজে লাগিয়েই এক্ষেত্রে লেনদেন যাচা‌ই করা যাবে। কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, যাঁরা এই সুবিধা চাইবেন, তাঁদেরই সেই সুযোগ দেওয়া হবে। এতে বারবার পিন দেওয়ার ঝামেলা থাকবে না এবং লেনদেন হবে তুলনামূলক দ্রুত ও অধিক নিরাপদ, দাবি এনপিসিআইয়ের। ‘আধার বেসড ফেস অথেন্টিকেশন’-এর ক্ষেত্রে ইউপিআই পিন সেট করা অনেক বেশি সুরক্ষিত ও সহজ হবে, দাবি করেছে কেন্দ্রীয় সংস্থাটি। এখন ইউপিআই পিন সেট বা রিসেট করতে হলে গ্রাহককে ডেবিট কার্ডের তথ্য দিতে হয় অথবা আধারভিত্তিক ওটিপি ভেরিফিকেশনের সাহায্য নিতে হয়। নয়া সুবিধায় ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পিন সেট করা যাবে। এটি যেমন নিরাপদ, তেমনই সহজ, দাবি করেছে এনপিসিআই। তাদের বক্তব্য, যাঁদের ডেবিট কার্ডের তথ্য চটজলদি দিতে সমস্যা হয়, তাঁরা এই পরিষেবায় উপকৃত হবেন। যাঁরা প্রথমবার ইউপিআই লেনদেন করবেন বা বয়স্ক ব্যক্তিরা যখন ইউপিআইয়ের সুবিধা নেবেন, তাঁদের কাছে এই প্রক্রিয়াটি অনেক সহজ হবে। তৃতীয় পরিষেবাটিতে গ্রাহক ইউপিআই ক্যাশ পয়েন্টগুলি থেকে নগদ টাকা তুলতে পারবেন। এই পরিষেবা আধার এনেবেল্ড পেমেন্ট সিস্টেম বা এইপিএস-এর বিকল্প হিসেবে কাজ করবে, যেখানে বিজনেস করেসপনডেন্টের কাছে থাকা কিউআর কোড স্ক্যান করেই টাকা তোলা যাবে। সেই লেনদেনের যাচাই করা সম্ভব হবে ইউপিআই অ্যাপের মাধ্যমেই।

সম্পর্কিত সংবাদ