নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করল ইউকো ব্যাংক। তাদের নিট মুনাফা ২৬.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৮৬ কোটি টাকা। গত বছর একই সময়ে তা ছিল ৬২০ কোটি টাকা। অপারেটিং বা কার্যকরী মুনাফা বেড়ে হয়েছে ১ হাজার ৮৭২ কোটি টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত ব্যাংকের মোট ব্যবসা ১৮.৮১ শতাংশ বেড়ে ৬ লক্ষ ৩৭ হাজার ২৮০ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে মোট আমানত ১৪.৩৬ শতাংশ বেড়ে ৩ লক্ষ ৪৯ হাজার ৫৯০ কোটি টাকা এবং অগ্রিম ঋণ ২৪.৭০ শতাংশ বেড়ে ২ লক্ষ ৮৭ হাজার ৬৯০ কোটি টাকা হয়েছে। গাড়ি বা গৃহঋণের মতো রিটেল, কৃষি ও এমএসএমই খাতে ঋণ বৃদ্ধি হয়েছে ২৬.৯২ শতাংশ। ব্যাংকের গ্রস এনপিএ বা মোট অনুৎপাদক সম্পদ কমে ১.৯৬ শতাংশ হয়েছে। নেট এনপিএ ০.১৮ শতাংশে নেমেছে। এমনটাই জানিয়েছে ইউকো ব্যাংক কর্তৃপক্ষ।



