নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিকাল চারটে বাজতে পাঁচ মিনিটে বউবাজার থানায় প্রবেশ করেন কলকাতা মেডিকেল কলেজের তিন ইন্টার্ন। থানার বাইরে জুনিয়র, সিনিয়র চিকিত্সকসহ পড়ুয়ারা অবস্থান করছেন। মোটামুটি আধঘণ্টা বাদে তিন ইন্টার্ন থানা থেকে বেরিয়ে আসতেই হাততালি দিয়ে স্বাগত জানানো হয় তাঁদের। এদিন একেবারে আর জি কর আন্দোলনের ধাঁচে মেডিকেল কলেজ থেকে মিছিল করে ইন্টার্নরা থানায় গিয়েছিলেন। কিন্তু প্রথমে সেই মিছিলের অনুমতি পাওয়া যায়নি পুলিশের তরফে।
অধ্যাপক সম্রাট চক্রবর্তী ও এমএসভিপি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের দায়ের করা শারীরিক হেনস্তার অভিযোগের প্রেক্ষিতেই ইন্টার্ন অজিঙ্ক বর্মা, আয়ূশ শর্মা ও শাশ্বত নস্করকে তলব করা হয়। জিজ্ঞাসাবাদের শেষে একাধিক সংগঠন একত্রে মেডিকেল কলেজ ভাঙচুরের ঘটনায় অভিযোগ জমা দেন বউবাজার থানায়। বুধবার রাতে পুলিশের সঙ্গে ইমেইল বিনিময় হয়েছিল পড়ুয়াদের। পুলিশ প্রথমে মিছিলের অনুমতি দেয়নি। পড়ুয়ারা পালটা মেইল করে বলে শান্তিপূর্ণ মিছিল হবে। সকাল থেকেই মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে পুলিশে পুলিশে ছয়লাপ হয়েছিল। শেষপর্যন্ত পুলিশি ঘেরাটোপে নির্বিঘ্নেই মিছিল হয়। অনিকেত মাহাত, পুলস্ত্য আচার্য, আসফাকুল্লাহ নাইয়ার মতো চিকিত্সকদের মিছিলের পুরোভাগে দেখে হাসপাতালে আসা লোকজন কিংবা পথচলতি মানুষদের স্মৃতিতে ভিড় করছিল আর জি কর।
মিছিলের পোস্টারে লেখা ‘পুলিশ তোমার কীসের ভয়? গুন্ডারা তোমার কে হয়?’ মিছিলের শুরুতেই শোনা গেল ২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওঠা সেই স্লোগান ‘হোক কলরব’। কয়েকবছর আগে ঠিক এভাবেই চিকিত্সকদের তলব করলে মিছিল করে থানায় গিয়েছিলেন চিকিত্সকরা। মিছিলে যোগ দিয়েছিলেন গৌতম বন্দ্যোপাধ্যায় পুণ্যব্রত গুণের মতো সিনিয়র চিকিত্সক। ছিলেন এসএফআই নেতৃত্বও।
চিকিত্সক অনিকেত মাহাতো বলেন, ‘ওষুধের অপ্রতুলতা মেডিকেল কলেজে থাকবে কেন? যদি এমএসভিপি সারের উপর আক্রমণ হয়, তবে তার তদন্ত নিশ্চয় হবে। আমরা সমর্থন করছি না। কিন্তু কারা সেদিন মেডিকেল কলেজে হামলা চালাল? সেই বিষয়ে তদন্ত চাইবেন না? তাহলে আর পরিববর্তন কী হল?’
আধঘণ্টা বাদে ইন্টার্ন চিকিত্সকরা থানা থেকে বেরিয়ে এসে বলেন, ‘সেদিনের ঘটনার বিবরণ চাওয়া হল। আমরা পুরোটাই জানিয়েছি। পুলিশ বলেছেন, পরেও দরকার হতে পারে। আমরাও সাহায্য করব।’



