সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিকেলে নিরাপত্তার জন্য বসানো ৩ টি ড্রপগেটই অকেজো। যার জেরে অনিয়ন্ত্রিতভাবে টোটো ও গাড়ি চলাচল করছে বলে অভিযোগ। আর জি কর কাণ্ডের পর রায়গঞ্জ মেডিকেলে নিরাপত্তার জন্য মেডিকেল চত্বরে এই ড্রপগেটগুলি বসানো হয়। কিন্তু বসানোর কয়েক মাস পরই বিকল সেগুলি। ফলে শিকেয় উঠছে মেডিকেলের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা। টোটো নিয়ন্ত্রণ করতে সমস্যায় পড়তে হচ্ছে মেডিকেলের নিরাপত্তারক্ষীদেরও।
মেডিকেল চত্বরে টোটো নিয়ন্ত্রণ করতে গিয়ে চালকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন নিরাপত্তা কর্মীরা। মেডিকেলের এক কর্মী জানান, পুলিশ ফাঁড়ির সামনে যে ড্রপগেট বসানো হয়েছে, সেটি আর কাজ করছে না। ওই ড্রপগেটে যান্ত্রিক সমস্যা থাকায় আমরা ব্যবহার করতে পারছি না। বিষয়টি মেডিকেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, বাকি দুই ড্রপগেটও বিকল। সেখানে গাড়ি বা টোটো নিয়ন্ত্রণের জন্য কোনও কর্মী নেই। সেদিক দিয়ে প্রায়শই টোটো, গাড়ি ঢুকে যাচ্ছে বহলে অভিযোগ।
মেডিকেলের চিকিৎসক অগ্নিপ্রভা গুপ্তা বলেন, আর জি কর কাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থা যতটা আঁটোসাটো ছিল, তা এখন অনেকটাই ঢিলেঢালা। পুলিশের আরও নজরদারি দরকার। রায়গঞ্জ মেডিকেলের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, বিষয়টি পুলিশকে জানিয়েছি। আগের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা কিছুটা হালকা হয়েছে। তবে পুলিশের নজরদারি চলছে মেডিকেলে। গেটেও পুলিশ কড়া নজর দিচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন। বিকল ড্রপগেট।- নিজস্ব চিত্র