Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

টিফিন বক্সের আড়ালে নিষিদ্ধ মাদক পাচারের ছক বানচাল করল পুলিশ, ফরাক্কায় তিন পাচারকারী জালে

টিফিন বক্সের আড়ালে চলছিল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ মাদক পাচারের গোপন ছক। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশি তৎপরতায় জাতীয় সড়কের উপর ভেস্তে গেল আন্তঃরাজ্য পাচারকারীদের সেই পরিকল্পনা।

টিফিন বক্সের আড়ালে নিষিদ্ধ মাদক পাচারের ছক বানচাল করল পুলিশ, ফরাক্কায় তিন পাচারকারী জালে
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: টিফিন বক্সের আড়ালে চলছিল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ মাদক পাচারের গোপন ছক। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশি তৎপরতায় জাতীয় সড়কের উপর ভেস্তে গেল আন্তঃরাজ্য পাচারকারীদের সেই পরিকল্পনা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ফরাক্কা থানা এলাকার ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অঞ্চল থেকে মোট ৫১০ গ্রাম থাই হেরোইন উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। ঘটনায় জড়িয়ে থাকা একটি  বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি তিন পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা মোস্তাফিন শেখ (২৪), যার বাড়ি মালদার কালিয়াচকে। বাকি দু’জন বিহারের পরগরী অঞ্চলের বাসিন্দা শিবম কুমার (১৮) এবং অভিনন্দন কুমার (২১)। শনিবারে ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয়। তাদের সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক। এই প্রসঙ্গে ফরাক্কা থানার পুলিশ জানিয়েছে, আগাম খবর পেয়ে নাকাতল্লাশি চালানো হয়। একটি স্করপিও থেকে ৫১০ গ্রাম হেরোইন পাওয়া গেলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্র মারফত খবর আসে। মালদহ সীমানা পেরিয়ে একটি সাদা রঙের স্করপিও গাড়িতে করে বড়োসড়ো মাদকের চালান বিহারের দিকে পাচার হচ্ছে। খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ নড়েচড়ে বসে ফরাক্কা থানার বিশেষ পুলিশ বাহিনী। নিউ ফরাক্কা সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে নজরদারি ও নাকা চেকিং জোরদার হয়। নির্দিষ্ট গাড়িটি ফরাক্কায় পৌঁছাতেই সেটিকে আটকায় পুলিশ। গাড়িতে থাকা ৩ আরোহীকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপরই গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালীন সিটের তলায় লুকিয়ে রাখা দু’টি সাধারণ টিফিন বক্স নজর কাড়ে তদন্তকারীদের। বক্স দু’টি খুলতেই ভেতরে থাকা খাঁকি রঙের প্লাস্টিকে মোড়ানো প্যাকেটগুলি থেকে উদ্ধার হয় মোট ৫১০ গ্রাম উচ্চমানের হেরোইন। যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। গাড়ির ড্যাসবোর্ডে তৃণমূল কংগ্রেসের কিছু স্টিকারও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উত্তরবঙ্গের কালিয়াচক থেকে হেরোইন সংগৃহ করে বিহারের কোনো বড়ো মাদক কারবারির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে মাঝপথেই তা ভেস্তে 
গেল।

Advertisement
সম্পর্কিত সংবাদ