সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার লালপুর রমণী বালা উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলার পর ২১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। আজ ১৩ জন ছাত্রীকে হাড়মাড্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা সুস্থ করে বাড়িতে পাঠাল। বাকি আট জন ছাত্রী রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। অবশেষে অবিভাবকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।ফুটবল খেলতে গিয়ে এক ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং খিচুনির সৃষ্টি হয়। ছাত্রীটি কিছুক্ষনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। কিন্তু ওই ঘটনার কিছুক্ষণ পরেই আবার দুজন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। ঘটনাক্রমে প্রায় ১৩ জন ছাত্রী অসুস্থতা বোধ করে। তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। এবং বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। অভিভাবক সহ কয়েকজন ছাত্রী অসুস্থদের নিয়ে হাড়মাড্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যায়। সেখানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অসুস্থ ছাত্রীদের চিকিৎসা চলার মাঝে তাদের সাথে আসা ছাত্রীরা একইভাবে অসুস্থতার শিকার হয়। শুধু তাই নয় বাড়ি যাওয়ার পরেও কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এভাবে ওইদিন রাত পর্যন্ত ২১ জন ছাত্রীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। যেখানে ফুটবল খেলার অংশগ্রহণকারী মেয়েরা ছাড়াও খেলা দেখা অর্থাৎ দর্শনাসনে থাকা ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার ছাত্রীরা সকলেই প্রায় সুস্থ হয়ে ওঠে। জেলা থেকে একটি মেডিকেল টিম হাসপাতালে চিকিৎসার জন্য আসে। রাতের দিকে ওই ছাত্রীদের মধ্যে আট জন আবার পুনরায় একইভাবে অসুস্থতার শিকার হন। তাদের উন্নত চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছাত্রীরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যছ একজন অসুস্থ হলে পাশের বেডে থাকা সুস্থ ছাত্রীটিও পূণরায় অসুস্থ হয়ে যাচ্ছিল। তাই আতঙ্কের মধ্যে থাকা আটজনকে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আতঙ্ক কাটাতে তাদেরকে কাউন্সিলিংয়ের মধ্যে আলাদা ভাবে রাখা হয়েছে।