সিবিআই অফিসার সেজে এসএসসি অফিস থেকে তথ্য নিতে এসে ধৃত তিন
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিবিআইয়ের ডিএসপি পরিচয় দিয়ে স্টাফ সিলেকশন কমিশনের অফিসে ঢুকে তথ্য চেয়েছিল সে। সেই ভুয়ো আধিকারিক ও তার দুই শাকরেদকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার বিকালে তাদের গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো নিয়োগপত্র, সিবিআইয়ের জাল আইডি কার্ড ও  ডিএসপির বোর্ড লাগানো একটি গাড়ি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১২টা নাগাদ নিজাম প্যালেসে স্টাফ সিলেকশন কমিশনের অফিসে হাজির হয় দু’জন। বিপ্রর্ষি নিজেকে সিবিআইয়ের ডিএসপি বলে পরিচয় দেয়। তার সঙ্গী শুভম জানায়, সে কলকাতায় সিবিআইয়ের সাব ইনস্পেক্টর পদে রয়েছে। কিছু নিয়োগপত্র দেখিয়ে তারা জানায়, এসব নিয়ে সিবিআই তদন্ত চলছে। এই প্রার্থীরা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে। তাদের বিষয়ে গোপন তথ্য দরকার। সেখানকার এক আধিকারিক জানান, এভাবে নথি দেওয়া যায় না। এর জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। তাদের কথাবার্তা দেখে সন্দেহ হওয়ায় ভবানীপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে জেরায় ভেঙে পড়ে বিপ্রর্ষি জানায়, সে সিবিআইয়ের ডিএসপি নয়। তার সঙ্গী শুভম সাগর তাঁতিও সাব ইনস্পেক্টর নয়। তারা কয়েকজনকে চাকরির ভুয়ো নিয়োগপত্র দিয়েছিল। এসএসসি অফিসে এসে তথ্য চাওয়ার উদ্দেশ্য ছিল তাদের মধ্যে কেউ চাকরির জন্য আবেদন করেছেন কি না। বিপ্রর্ষির কাছ থেকে উদ্ধার হয় ভুয়ো নিয়োগপত্র। গ্রেপ্তার করা হয়েছে তাদের গাড়ির চালককে। জানা গিয়েছে, সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রতারণা করে টাকা রোজগার করত। পাশাপাশি ভুয়ো নিয়োগপত্র দিয়েও টাকা হাতাত বেকারদের কাছ থেকে। কতজনের কাছ থেকে তারা এভাবে টাকা হাতিয়েছে, তা জানার চেষ্টা চলছে।