শ্রীনগর: জম্মু ও কাশ্মীরজুড়ে চিরুনি তল্লাশির মধ্যে উড়ে এল হুমকি। পহেলগাঁও হামলায় দায় স্বীকার করে নিয়েছিল পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তোইবার লেজুড় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। এবার এক অডিও বার্তায় পুলিস ও নিরাপত্তা বাহিনীর উপর হামলার হুমকি দিল টিআরএফের পান্ডা আহমদ সালার। পর্যটকদের উপর হামলার পর কাশ্মীরে একের পর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনার বদলা নেওয়ার হুমকি দিয়েছে সালার। তার হুমকি, ‘প্রতিটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যরা আজ অসহায়। নিরাপত্তা বাহিনীকে এর মূল্য চোকাতে হবে। আমরা তাদের ধ্বংসের জন্য তৈরি রয়েছি।’ তার কথায়, আগেও একইভাবে প্রতিশোধ নেওয়া হয়েছিল। তখন জম্মু ও কাশ্মীর পুলিস বাহিনীতে গণ ইস্তফার হিড়িক পড়ে গিয়েছিল।



