বিহারে খাতা খুলল পিকের দল জেএসপি
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বিধানসভার পর বিধান পরিষদ। বিহারে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির (জেএসপি) সাফল্য অব্যাহত। বুধবার রাজ্যের ৪টি স্নাতক নির্বাচনী এলাকা এবং ৪টি শিক্ষক নির্বাচনী এলাকার ফল প্রকাশিত হয়েছে। দ্বারভাঙা শিক্ষক কেন্দ্রে জন সুরাজ পার্টির সুরেশপ্রসাদ রাই কংগ্রেসের বর্তমান বিধায়ক মদনমোহন ঝাকে ৩২৪ ভোটে পরাজিত করেছেন। এই জয়ের মাধ্যমেই বিধান পরিষদে প্রবেশের ছাড়পত্র পেল জেএসপি। এছাড়াও বিজেপি তিনটি কেন্দ্রে জয়ী হয়েছে। তিরহুত শিক্ষক কেন্দ্রে বিজেপির নরেন্দ্র প্রসাদ সিং নির্দল প্রার্থী ভূষণকুমার ঝাকে পরাজিত করেছেন। কোসি স্নাতক কেন্দ্রে বিজেপির এন কে যাদব বিজয়ী ঘোষিত এবং দ্বারভাঙা স্নাতক কেন্দ্রে এনডিএ সমর্থিত বিজেপি প্রার্থী সর্বেশ কুমার জয়ী হয়েছেন। পাটনা স্নাতক কেন্দ্রে জেডিইউ-এর নীরজ কুমার আরজেডি প্রার্থীকে পরাজিত করেছেন। 

Advertisement

লালুপ্রসাদ যাদবের আরজেডি পেয়েছে একটি আসন। পাটনা শিক্ষক কেন্দ্রে আরজেডির সঞ্জীব কুমার বিজেপির বিদায়ী এমএলসি নওয়াল কিশোর যাদবকে পরাজিত করেছেন। উল্লেখযোগ্য ব্যাপার হল দুই নির্দল বিধায়কের জয়। সারণ শিক্ষক কেন্দ্রে নির্দল প্রার্থী রাহুল রাজ বিদায়ী এমএলসি আফাক আহমেদকে পরাজিত করেছেন। তিরহুত স্নাতক কেন্দ্রেও জয়ী হয়েছেন নির্দল প্রার্থী বংশীধর ব্রজবাসী। কংগ্রেস একটিও আসন পায়নি। 
এবারের বিহারের বিধান পরিষদের ভোট নানা দিক দিয়েই তাৎপর্যপূর্ণ। সেই নব্বইয়ের দশক থেকেই বিহারের রাজনীতি আবর্তিত হয়েছে মণ্ডল কমিশনের রিপোর্ট ঘিরে। সেখানে মাথা তুলে দাঁড়াতে পারেনি উচ্চবর্ণের রাজনীতিকরা। এবারও জয়ী প্রার্থীদের চারজনই ভূমিহার। একজন মুসলিম। একজন করে রাজপুত, নিষাদ এবং যাদব সম্প্রদায়ের জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জয়ীদের নিয়ে রাজ্যের উন্নয়নের কাজ চালিয়ে যাবেন। বিধান পরিষদের ভোটের ফল প্রসঙ্গে আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, ‘এই নির্বাচনে ভুয়ো ভোটার ঢোকানোপ এনডিএ ষড়যন্ত্র প্রকাশ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের উচিত নির্বাচনি প্রক্রিয়া স্বচ্ছতা আনা। বেশ কয়েকটি কেন্দ্রে আরজেডি দ্বিতীয় হয়েছে। ভুয়ো ভোটার দিয়েও বিজেপি প্রার্থী নওয়াল কিশোর যাদব পাটনা শিক্ষক কেন্দ্রে আমাদের প্রার্থী সঞ্জীব কুমারের কাছে হেরে গিয়েছেন।’