গুয়াহাটি হত্যাকাণ্ড: এনকাউন্টারের শঙ্কা ধৃতের, সুরক্ষার নির্দেশ কোর্টের
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: অসমের হোটেলে গুলি চালিয়ে ৫ জনকে খুনের ঘটনায় অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এমনই নির্দেশ দিল গুয়াহাটির একটি আদালত। মঙ্গলবার জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। সেই সময় এনকাউন্টারের আশঙ্কা প্রকাশ করেন ধৃতের আইনজীবী। এর পরিপ্রেক্ষিতেই ঘনকান্তর সুরক্ষা নিয়ে ওই নির্দেশ দেয়  আদালত।  ধৃতকে সাত দিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে।

Advertisement

এর পাশাপাশি ঘনকান্তের নিরাপত্তা ও শারীরিক পরীক্ষা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশ দিয়েছে আদালত। আদালতের শর্ত, প্রতি ২৪ ঘণ্টায় গগৈয়ের শারীরিক পরীক্ষা করাতে হবে। সূর্যাস্তের পর বা সূর্যোদয়ের আগে ঘনকান্তকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। যদি একান্তই তা প্রয়োজন হয়, সেক্ষেত্রে সঙ্গে থাকবেন একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক। জেরার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পুলিশি হেপাজত সংক্রান্ত গাইডলাইন মেনে চলতে হবে। খাবার, জল সহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে অভিযুক্তকে। সোমবার রাতে  বরাসার্ভিস এলাকার ‘হোটেল বিলাস ইন’-এ ৫ জনকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত ঘনকান্ত। নিহতরা হলেন, হোটেলের মালিক হেলেনা ভরালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, পুত্রবধূ রিনিকি কাশ্যপ, ভাই ভূদেব ভরালি এবং হোটেলকর্মী নারায়ণ দাস। গুলিবিদ্ধ আর এক কর্মী সত্যেন্দ্র পাঠক বর্তমানে চিকিৎসাধীন। জানা গিয়েছে, হোটেল সংক্রান্ত বিবাদের কারণেই এই ঘটনা ঘটিয়েছিল অভিযুক্ত।