Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রেলিং ভাঙা জীর্ণ সেতু দিয়ে ঝুঁকির যাতায়াত কয়েক হাজার মানুষের

তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের জোরমইলে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত হাজার হাজার মানুষের

রেলিং ভাঙা জীর্ণ সেতু দিয়ে ঝুঁকির যাতায়াত কয়েক হাজার মানুষের
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তপন: তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের জোরমইলে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত হাজার হাজার মানুষের। জরাজীর্ণ সেতুটি ভেঙে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে, আশঙ্কা করছেন এলাকাবাসী।

Advertisement

রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের খোষালপুর, মুক্তারামপুর, গণাহার, জোরমইল, গোলডাঙা, মান্দাপাড়া সহ কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা এই সেতু। প্রায় ২০ বছর আগে নির্মিত হলেও আজ পর্যন্ত কোনও সংস্কার হয়নি। সেতুর রেলিং বহু আগেই ভেঙে পড়েছে। নীচের অংশ প্রতিবছর বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে বসে গিয়েছে। সেতুর মাঝের অংশ নিচু হয়ে বিপজ্জনকভাবে টাল খেয়েছে। ফলে ভারী যান চলাচল তো দূরের কথা, ধান-গম কিংবা অন্যান্য ফসল পরিবহণে ব্যবহৃত মালবাহী গাড়িও গ্রামের ভিতরে প্রবেশ করতে পারে না। অ্যাম্বুলেন্স বা ছোট গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করে। স্থানীয়দের দাবি, বছর খানেক আগে সেতুর ভাঙা রেলিংয়ের কারণে এক ব্যক্তি সাইকেল নিয়ে পড়ে গুরুতর আহত হন। জোরমইলের বাসিন্দা ফিরোজ আলি সরকার বলেন, আমরা দীর্ঘদিন ধরে সেতুটি মেরামতের দাবি জানিয়ে আসছি। পঞ্চায়েত, বিডিও অফিস, জেলা পরিষদেও জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। এবিষয়ে জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। সেতুটি প্ল্যানে ধরা থাকলে দ্রুত করে দেওয়া হবে। না ধরা থাকলে প্ল্যানে তুলে মেরামতের ব্যবস্থা করা হবে। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ