Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গে হাজার হাজার আদিবাসী চা শ্রমিকের নাম বিচারাধীন, অসন্তোষ

চূড়ান্ত ভোটার তালিকায় উত্তরবঙ্গে হাজার হাজার আদিবাসী চা শ্রমিকের নাম বিচারাধীন। রেহাই পাননি উত্তরের মূল নিবাসী রাজবংশীদেরও বড় অংশ

উত্তরবঙ্গে হাজার হাজার আদিবাসী চা শ্রমিকের নাম বিচারাধীন, অসন্তোষ
  • ২ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

ব্রতীন দাস, জলপাইগুড়ি: চূড়ান্ত ভোটার তালিকায় উত্তরবঙ্গে হাজার হাজার আদিবাসী চা শ্রমিকের নাম বিচারাধীন। রেহাই পাননি উত্তরের মূল নিবাসী রাজবংশীদেরও বড় অংশ। বাদ যাওয়া কিংবা বিচারাধীন তালিকায় রয়ে গিয়েছেন সংখ্যালঘুরাও। এনিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে জেলায় জেলায়। প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যেসমস্ত এলাকায় তৃণমূলের লিড রয়েছে, বেছে বেছে হয় সেখানে নাম ডিলিট করা হয়েছে নতুবা প্রচুর নাম বিচারাধীন তালিকায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ রাজ্যের আদিবাসী উন্নয়নমন্ত্রী বুলুচিক বড়াইকের।

Advertisement

জলপাইগুড়ি জেলায় ১ লক্ষ ৮ হাজারের বেশি ভোটারের নাম বিচারাধীনের তালিকায় রাখা হয়েছে। এরমধ্যে চা বলয় অধ্যুষিত মাল বিধানসভাতেই ২১ হাজার নাম রয়েছে বলে দাবি বুলুচিকের। ভোটার তালিকায় খেটে খাওয়া, গরিব মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত হয়েছে বলে অভিযোগ সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্রের।
চা বলয়ে প্রচুর আদিবাসীর নাম যে বিচারাধীনের তালিকায় রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতারাও। যদিও বিষয়টি বুমেরাং হতে পারে ভেবে তাঁদের গলায় অন্য সুর। বিজেপির জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য মহেশ বাগে বলেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাক, এটা চাই না আমরা। তবে এসআইআর পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়।
মাল বিধানসভার রাঙামাটি পঞ্চায়েতের বাসিন্দা পুষ্পা মুণ্ডা। চা বাগানে কাজ করেন। তাঁর নাম ধীনের তালিকায়। তেশিমলা পঞ্চায়েতে ৫১ বছরের টুলটুলি ওরাওঁয়ের নাম বাদ গিয়েছে। ভোটার তালিকা থেকে ডিলিট ওই পঞ্চায়েতের বাসিন্দা গোলক রায়ের নাম।
তৃণমূলের জেলা সহ সভাপতি তথা বিএলএ-১ চন্দন ভৌমিকের তোপ, এসআইআরের নামে যা হয়েছে, তা গণতন্ত্রের লজ্জা। উত্তরবঙ্গের মূল নিবাসীদের নাম বাদ দেওয়ার চক্রান্ত স্পষ্ট। নোটিস পেয়ে হিয়ারিংয়ে হাজির হয়ে চা বাগানের শ্রমিকরা সমস্ত নথি জমা দিয়েছেন। তারপরও বিবেচনাধীনের তালিকায় ফেলে দেওয়া হয়েছে হাজার হাজার আদিবাসীর নাম। 
বিগত বেশ কয়েকটি নির্বাচনে উত্তরের চা বলয়ে পায়ের তলার মাটি আলগা হয়েছে বিজেপির। সেকারণেই কি এসআইআরের নামে ভোটার তালিকা থেকে আদিবাসী চা শ্রমিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হয়েছে, প্রশ্ন তৃণমূলের। সূত্রের খবর, মাল বিধানসভার বাগরাকোট পঞ্চায়েতে ৫৭৫ জনের নাম রয়েছে বিচারাধীনের তালিকায়। ওদলাবাড়িতে এই সংখ্যাটা ২৫৭৬। ডামডিমে ৪৯৫, রাঙামাটিতে ৪৬৬। সংখ্যালঘু অধ্যুষিত তেশিমলা পঞ্চায়েতে বিচারাধীনের আওতায় থাকা সংখ্যা ৩২৮৫। কুমলাই পঞ্চায়েতে ২০৬৬ জন বিচারাধীনের তালিকায়।
মালবাজারের বিধায়ক তথা মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, তেশিমলা পঞ্চায়েত থেকে আমাদের দলের এবার অন্তত ছ’হাজার ভোট লিড হবে। এটা বুঝেই এখানে প্রায় সাড়ে তিন হাজার ভোটারের নাম বিচারাধীনের তালিকায় রাখা হয়েছে। নির্বাচন কমিশন যে বিজেপির নির্দেশে কাজ করেছে, এতেই তা স্পষ্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ