Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রাবণে তিলভাণ্ডেশ্বরী শিবমন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগমের আশা

আজ, শুক্রবার থেকে শ্রাবণ মাস শুরু। নালাগোলায় বটগাছবেষ্টিত ঐতিহ্যবাহী তিলভাণ্ডেশ্বরী শিবমন্দিরে ভক্ত সমাগমের আগে সাজো সাজো রব।

শ্রাবণে তিলভাণ্ডেশ্বরী শিবমন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগমের আশা
  • ১৮ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: আজ, শুক্রবার থেকে শ্রাবণ মাস শুরু। নালাগোলায় বটগাছবেষ্টিত ঐতিহ্যবাহী তিলভাণ্ডেশ্বরী শিবমন্দিরে ভক্ত সমাগমের আগে সাজো সাজো রব। মন্দির চত্বর এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তৎপর পুলিস, প্রশাসনও। বৃহস্পতিবার বিকেলে বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের এই শিবমন্দির কমিটির সঙ্গে আলোচনায় বসে বামনগোলা থানার পুলিস।

Advertisement

মন্দির কমিটির আশা, পুরো মাসজুড়ে লক্ষাধিক ভক্তের ঢল নামবে। তার প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে। নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা সহ দূর-দুরান্ত থেকে আসা ভক্তদের সুরক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিস, প্রশাসন। বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় বলেন, এলাকার আইনশৃঙ্খলার উপর বিশেষ নজর রাখা হচ্ছে। সবরকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিস ও প্রশাসন। 
স্থানীয়দের বক্তব্য, মন্দিরটি পাল আমলের। শিবলিঙ্গটির উচ্চতা প্রায় ২.৬ ফুট। চওড়া প্রায় দুই ফুট। যা ভারতের দীর্ঘতম শিবলিঙ্গগুলির মধ্যে একটি। এমন দাবি মন্দির কমিটিরও।
এলাকার প্রবীণরা বলছেন, আগে মন্দির সহ পুরো এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল। পরে জঙ্গল পরিষ্কার করে মন্দিরটির সংস্কার হয়েছে। চারিদিকে বটগাছের শিকড় এমনভাবে জড়িয়ে রয়েছে, দেখে মনে হবে গাছের গুঁড়ির মাঝখানে শিবলিঙ্গটি অবস্থিত। বহু পুরনো এই শিবলিঙ্গ দর্শনে সারাবছর প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। শিবরাত্রি, ভাদ্র মাসের পূর্ণিমা এবং শ্রাবণ মাসে সংখ্যাটা বহুগুণ বেড়ে যায়। মন্দির কমিটির সদস্য গণেশ কর্মকার জানান, প্রতিবছর শ্রাবণ মাসজুড়ে এখানে মেলা বসে। তখন প্রতি সোমবার ভক্তের ঢল নামে। দেড় কিমি পর্যন্ত লম্বা লাইন হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ