বেঙ্গালুরু: কোহলিদের আইপিএল জয়ের বিজয়োৎসব বদলে গিয়েছিল বিষাদে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন ক্রিকেটপ্রেমী। প্রবল সমালোচনার মুখে পড়ে কর্ণাটক সরকার ও পুলিস প্রশাসন। অনেকের ধারণা, শহরের কেন্দ্রস্থলে স্টেডিয়াম হওয়ায় ভিড় অনেক বেশি হয়েছিল। স্থান সংকুলানের অভাব দুর্ঘটনার অন্যতম কারণ। তাই চিন্নাস্বামী স্টেডিয়াম শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, ‘এমন দুঃখজনক ঘটনা কোনও সরকারের আমলেই কাঙ্ক্ষিত নয়। এটা আমাদের এড়াতে হবে। তার জন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা। ইতিমধ্যেই আমাদের সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। যাদের গাফিলতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কুম্ভ মেলায় একই ধরনের ঘটনা ঘটেছিল। তার পরে কি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন? তাই এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়। বরং আমাদের সুরাহা বের করতে হবে। প্রয়োজনে আমরা চিন্নাস্বামী স্টেডিয়াম অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারি কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা করা প্রয়োজন।’ উল্লেখ্য, ভারতের গত কয়েক বছরে যেসব বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে, তা শহরের বাইরে। মূলত যানজট ও ভিড় এড়াতেই এই পথ বেছে নিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি।



