Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কমিশন কোপে যাঁদের ডিমোশন, তাঁদেরই হবে প্রোমোশন: মমতা, ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভোটার তালিকায় নাম তোলার কাজে গাফিলতির অভিযোগ এনে বাংলার একের পর এক আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন।

কমিশন কোপে যাঁদের ডিমোশন, তাঁদেরই হবে প্রোমোশন: মমতা, ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকায় নাম তোলার কাজে গাফিলতির অভিযোগ এনে বাংলার একের পর এক আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এই মতো পরিস্থিতিতে রাজ্যের আধিকারিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে তিনি পরিষ্কার জানিয়েছেন, ‘যাঁদের যাঁদের ওরা পদাবনতি করবে, তাঁদের তাঁদের আমরা পদোন্নতি নিশ্চিত করব। কমিশনের কোপে যাঁদের ডিমোশন, তাঁদেরই হবে প্রোমোশন।’

Advertisement

রাজ্যের সাত এইআরওকে সাসপেন্ড করা নিয়েও এদিন তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যদি কেউ অন্যায় করে, তাহলে রাজ্যকে জানাতে পারত। আবার তাঁদেরও আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হল না। এই কর্মীরা এসআইআরের কাজ ছাড়া অন্যান্য কাজ করবেন। তাঁদের কারও চাকরি যাবে না  বলেও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন।  
তবে কমিশনের বেঁধে দেওয়া শেষ দিনে মঙ্গলবার ভোটার তালিকায় নাম নথিভুক্তির কাজে গাফিলতির অভিযোগ ওঠা বারুইপুর পূর্বের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) দেবোত্তম দত্ত চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) তথাগত মণ্ডল, ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ বিষয়ে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি কমিশন। অভিযোগ দায়ের হয়েছে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও। 
এই প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী কিছু না জানালেও, একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, এনআরসি নিয়ে আন্দোলন করার জন্যে তো আমার বিরুদ্ধেও তো অনেক এফআইআর করেছে। এই নিয়ে এতো চিন্তা করার কিছু নেই। আমরা আইন নিশ্চই মানব। আইন আইনের মতো চলবে। আইনেরও একটা পরিধি আছে। আমরা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি, কারণ নির্বাচন কমিশন বলেছে। 
এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রমজান আসছে। এলাকায় নজর রাখুন। বাইরে থেকে কেউ এসে যেন অশান্তি ছড়াতে না পারে, সেব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেদিকেও নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

সম্পর্কিত সংবাদ