Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

থোড়ের কোড়ুই

রান্না সংক্রান্ত কথা আর রেসিপি নিয়ে চলছে হারানো রান্নার গল্প। এই বিভাগে একটি পদ বিষয়ে একটা গল্প শোনান রন্ধনবিশেষজ্ঞ ও গবেষক শুভজিৎ ভট্টাচার্য, সঙ্গে থাকে সেই রান্নাটির রেসিপি।

থোড়ের কোড়ুই
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুজোর মধ্যে মাছ মাংসে ঠাসা মেনু তো সব বাড়িতেই হবে। তার পাশাপাশি আবার ষষ্ঠী আর অষ্টমীতে একটু নিরামিষের ব্যবস্থাও চাই। ওই দিনগুলোর জন্য এমন কিছু পদ রাখুন মেনুতে যা অল্প উপকরণে তাড়াতাড়ি রান্না করা যায়। আজ তেমনই একটি নিরামিষ পদের গল্প বলি আপনাদের। তা প্রায় ১০০ বছরের পুরনো তো হবেই এই রান্নার ইতিহাস। রন্ধনবিশেষজ্ঞ বিপ্রদাস মুখোপাধ্যায়ের লেখায় পেয়েছি এই রান্নার কথা। আসলে বাঙালি রান্নার বহু স্তর রয়েছে। ঝোল, ঝাল, অম্বল, ছেঁচকি এমন নানা পদ বিশিষ্ট বঙ্গদেশের রান্না। বারেন্দ্রভূমির রান্নার এক ধরন তো রাঢ়ী রান্না আবার অন্য রকমের। বঙ্গ রন্ধনশিল্পের এই বিভিন্ন ধরনের একটি হল কৌড়া বা কোড়ুই। এই পদটি নিরামিষই হয়, বিভিন্ন সব্জি দিয়েই তা বানানো যায়। কেউ ডাবের শাঁসের কোড়ুই বানান, কেউ বা থোড়ের। আজ সেই কোড়ুই রান্নার পদ্ধতিই শেখাব আপনাদের। খুবই স্বাস্থ্যকর এই রান্না। তবে এটিকে কিন্তু বাটা বা ভর্তার মধ্যে ফেলা যাবে না। গা মাখা রান্নাটি একেবারেই ভিন্ন পদ্ধতিতে তৈরি। আর তাছাড়াও এর একটি বিশেষত্ব হল খুব কম উপকরণে এটি তৈরি করে ফেলা যায়। এই রান্না সেই সময়কার, যখন বঙ্গদেশের গেরস্ত হেঁশেলে কিছুই ফেলা হতো না। কলাগাছের থোড় মোচা কলা— সবটাই কাজে লাগে। এই রান্না সেই থোড় দিয়েই তৈরি।

Advertisement

উপকরণ: থোড় খুব মিহি করে কুচিয়ে নেওয়া ১৫০ গ্রাম, শুকনো লঙ্কা ৩-৪টে, কালো ও সাদা সর্ষে বাটা ৫০ গ্রাম, নুন স্বাদ মতো, সর্ষের তেল ১ কাপ। 

প্রণালী: কুচি করে কাটা থোড়ে প্রথমেই নুন মিশিয়ে খানিকক্ষণ রেখে দিন। খানিক বাদে দেখবেন তা জল ছেড়ে দিয়েছে। তখন থোড় চেপে জল ঝরিয়ে নিন। এবার কড়াই আঁচে বসিয়ে দিয়ে দিন সর্ষের তেল। এবং তাতে ফোড়ন দিন শুকনো লঙ্কা ও অল্প গোটা কালো সর্ষে। ফোড়নের সুগন্ধ উঠলে ঢেলে দিন থোড়। নেড়ে বেশ মজিয়ে নিন তা তেলের সঙ্গে। কষিয়ে বেশ খানিকটা মজিয়ে নেওয়ার পর দেখবেন বাড়তি জল টেনে যাবে এবং থোড় ঝুরো হয়ে আসবে। এই পর্যায়ে তাতে দিন সর্ষে বাটা ও অল্প জল। তারপর আবারও নেড়ে মিশিয়ে নিন। এরপর নুন দিয়ে মেশান। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন। অল্প খানিকক্ষণের মধ্যেই দেখবেন থোড় মজে রান্না হয়ে গিয়েছে। ব্যস এই পর্যন্তই। গা মাখা এই পদ নামিয়ে পরিবেশন করুন সাদা ভাত সহযোগে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ