সংবাদদাতা, করিমপুর: থানারপাড়ার দোগাছি গুলশন ক্লাবের পরিচালনায় দু’দিনের ‘সারা বাংলা ডবলস ক্যারম প্রতিযোগিতা শেষ হল রবিবার। দোগাছি মিয়াঁপাড়া সব্জি হাটে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোট ৬৪টি দল এই খেলায় অংশ নিয়েছিল। উদ্যোক্তাদের একজন নুরুল হাসান বলেন, এলাকায় ফুটবল ক্রিকেট বা ভলিবল খেলার টুর্নামেন্ট বা লিগ প্রতিযোগিতা হয়। পাড়ায় পাড়ায় কিংবা বিভিন্ন ক্লাবে ক্যারাম খেলা হলেও প্রত্যন্ত এই এলাকায় ক্যারমের মত ইনডোর গেমের কোনও প্রতিযোগিতা এখানে হতনা। তাই মূলত ক্যারম খেলোয়াড়দের উৎসাহ দিতে এলাকার কয়েকজন যুবকের উদ্যোগে প্রথমবার এই প্রতিযোগিতা শুরু করা হয়েছে। এই ক্যারম প্রতিযোগিতা নিয়ে মেতে উঠেছিল থানারপাড়ার ক্রীড়াপ্রেমী যুবকেরা। এবারের খেলার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন করিমপুরের নিবু ঘোষ ও মুর্শিদাবাদের ভগবানগোলার সাদ্দাম সেখ জুটি এবং রানার্স হয়েছেন ধুলিয়ানের অমিত কুমার ও রকি মণ্ডল জুটি। চ্যাম্পিয়নদের সুদৃশ্য ট্রফির সঙ্গে নগদ পঞ্চাশ হাজার টাকা ও রানার্সদের ট্রফি ও ৩৫ হাজার টাকার পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালে খেলায়ও জয়ী দলকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেওয়া হয়েছে। এবারের খেলায় সবার নজর কেড়েছে চ্যাম্পিয়ন নিবু ঘোষ। ক্যারমের বোর্ডে খুব অসহায় মনে হয়েছে তার প্রতিদ্বন্দ্বীকে। নিবু বলেন, সবসময় আমার মন পড়ে থাকে ক্যারমের স্ট্রাইকার আর ঘুঁটির দিকে। খুব ছোট থেকেই আমার ক্যারম খেলার নেশা রয়েছে।



