Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

থালঝোরায় তিন কিমি রাস্তা মেরামত, সুবিধা হবে পর্যটকদের

থালঝোরায় তিন কিমি রাস্তা মেরামত, সুবিধা হবে পর্যটকদের
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: পর্যটকদের সুবিদার্থে এবং ভুটান সীমান্তের নিরাপত্তার জন্য থালঝোরায় নতুন করে রাস্তা তৈরি করছে বর্ডার রোড  অর্গানাইজেশন। তবে জমি জটের কারণে জিতি চা বাগানে আপাতত বেহাল রাস্তা মেরামত করা হচ্ছে। সোমবার জিতি চা বাগানে সেই রাস্তার কাজের সূচনা হল। বর্ডাররোড অর্গানাইজেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হরিবল্লা ভাট, জিতি চা বাগানের ম্যানেজার পরবিন্দর সিং ভুই, হোপ চা বাগানের ম্যানেজার জিতেন্দর সিং শেখাওয়াত এই কাজের সূচনা করলেন। 
Advertisement
থালঝোরা বাজার থেকে ভুটান সীমান্ত জিতি বর্ডার পর্যন্ত তিন কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বিআরওর এই রাস্তাটি নতুন করে নির্মাণের জন্য ৩৬ কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু জমি জটের কারণে এই রাস্তাটি তৈরি করতে পারছে না বিআরও। জট মিটে গেলে নতুন রাস্তাটি তিনগুন চওড়া করা হবে। রাস্তাটি মেরামতের জন্য হোপ এবং জিতি চা বাগানের ম্যানেজাররা লিখিতভাবে বিআরওকে জানিয়েছিল। তাই আপাতত তারা রাস্তাটি মেরামতের সিদ্ধান্ত নেয়।
বর্ডার রোড অর্গানাইজেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হরিবল্লা ভাট বলেন, জমি জটের কারণে আমরা থানঝোরা থেকে জিতি বর্ডার পর্যন্ত কাজ করতে পারছি না। কিন্তু, এই বেহাল রাস্তার মেরামতের জন্য দুই চা বাগানের ম্যানেজার আমাদের লিখিতভাবে অনুরোধ করেছিলেন। তাই আজ থেকে আমরা শুধুমাত্র মেরামতের কাজ শুরু করেছি। জমিজট কেটে গেলে পূর্ণভাবে  কাজ শুরু করব। 
নাগরাকাটার একলব্য মোড় থেকে ১৫কিমি রাজ্যসড়কটি বর্ডার রোড অর্গানাইজেশন হাতে নিয়েছে। এরমধ্যে একলব্য মোড় থেকে থালঝোরা বাজার পর্যন্ত ১২কিমি রাস্তার কাজ ইতিমধ্যেই শেষ। কিন্তু, থালঝোরা থেকে জিতি বর্ডার পর্যন্ত এই তিন কিমি রাস্তার কাজ জমিজটে এখনও আটকে রয়েছে।
সম্পর্কিত সংবাদ