Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাবাড়িতে রথযাত্রার এবছর চতুর্থ বর্ষ, চলবে ৯ দিন ধরে

দুর্গাবাড়িতে রথযাত্রার এবছর চতুর্থ বর্ষ, চলবে ৯ দিন ধরে
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রবীন রায়  আলিপুরদুয়ার

Advertisement

আলিপুরদুয়ার শহরের পূর্ব নেতাজি রোড দুর্গাবাড়ি। এই দুর্গাবাড়িকেই বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে শহরের সারাংপট্টিতে ইস্কন মন্দিরে যাবে জগন্নাথ দেব। সারাংপট্টিতে এখনও ইস্কন মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ না হলেও সেখানে ইতিমধ্যে জগন্নাথ দেবের সিংহাসন স্থাপন করা হয়েছে।
ইস্কনের আলিপুরদুয়ার শাখার উদ্যোগে পূর্ব নেতাজি রোড দুর্গাবাড়িতে রথযাত্রার উৎসবের এবার চতুর্থ বর্ষ। দুর্গাবাড়ি থেকে রথ বের হয়ে সারা শহর পরিক্রমা করবে। এবার জেলা সদর ছাড়াও শালকুমার ও ফালাকাটা থেকে ইস্কনের রথ বের হবে। কিন্তু সারাংপট্টিতে ইস্কন মন্দিরের বদলে কেন দুর্গাবাড়িতে এই উৎসব হয়? ইস্কনের আলিপুরদুয়ার শাখার উপচক্রপতি অলয় গৌরাঙ্গ দাস বলেন, আসলে সারাংপট্টিতে আমাদের মন্দিরে ঢোকার রাস্তাটি খুবই অপরিসর। এখানে উৎসব বা মেলা করার মতো জায়গার বড় অভাব। সেই কারণেই দুর্গাবাড়িতে গত চার বছর ধরে রথযাত্রার উৎসব করে আসছি।
এবার এখানে ন’দিন ধরে রথযাত্রা হবে। মেলাও বসেছে। ভক্তদের জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ দেওয়ার ব্যবস্থা থাকছে। রান্না হবে সারাংপট্টিতে ইস্কনের নির্মীয়মাণ মন্দিরে। সেখান থেকে ভোগের প্রসাদ সরাসরি যাবে মাসির বাড়ি দুর্গাবাড়িতে। 
জানা গিয়েছে, দুর্গাবাড়িতে রথযাত্রার উৎসবের দিনগুলিতে নিরামিষ ফাস্টফুডের খাবার মিলবে। সেখানে নিরামিষ চাউমিন, মোমো ও পাপড়ি চাটের স্বাদ  নিতে পারবেন। রথযাত্রার উৎসবের দিনগুলিতে বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাগবৎ পাঠের জমজমাট আসরও বসবে। শহরের মান্না দে সরণিতে পুরীর আদলে লোহার ফ্রেমে জগন্নাথ দেবের কাঠের রথ তৈরি করা হয়েছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ