নিজস্ব প্রতিনিধি, মালদহ: আগামী পয়লা ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হচ্ছে। এ কাজে সহায়তা করতে চুক্তি ভিত্তিতে সাড়ে তিনশো অবসরপ্রাপ্ত সেনাকর্মী নিয়োগ করছে রাজ্য। ইতিমধ্যেই অর্থদপ্তরের অনুমোদন মিলেছে। খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য অথবা জেলার সৈনিক বোর্ডের মাধ্যমে যে নাম আসবে, সেইমতো অনূর্ধ্ব ৬০ বছর বয়সি অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়োগ করা হবে। ধান কেনার ক্যাম্প চলাকালীন সময়ের জন্য অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুন মাস পর্যন্ত তাঁরা প্যাডি পারচেজ অফিসার হিসাবে কাজ করবেন। তিনটি ক্যাটিগরিতে নেওয়া হবে তাঁদের। এজন্য মাসে সাম্মানিক ধার্য করা হয়েছে ১৮ হাজার টাকা, ১৪ হাজার টাকা ও ১২ হাজার টাকা। তবে কোন জেলার জন্য কতজন অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে নিয়োগ করা হচ্ছে, তার তালিকা এখনও জেলায় জেলায় এসে পৌঁছায়নি।
এবছর প্রাথমিকভাবে ৩৬ লক্ষ ৩৯ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য। গত বছরের তুলনায় প্রতিটি জেলাতেই ধান কেনার লক্ষ্যমাত্রা কমেছে। ফলে ধান ক্রয় কেন্দ্রের সংখ্যাও কমছে। গতবার একজন কৃষক সহায়ক মূল্যে সর্বোচ্চ ৯০ কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পেরেছেন। এবার বলা হয়েছে, একজন কৃষক ৪৫ কুইন্টালের বেশি ধান বিক্রি করতে পারবেন না। পরে অবশ্য ধান বিক্রির উর্ধ্বসীমা বাড়ানো হতে পারে বলে মনে করছেন খাদ্য দপ্তরের আধিকারিকদের অনেকে। গতবারের চেয়ে বেড়ে এবার ধানের সহায়ক মূল্য হয়েছে ২৪৪১ টাকা কুইন্টাল। সেইসঙ্গে উৎসাহ ভাতা বাড়িয়ে করা হয়েছে ২০০ টাকা। ফলে খুশি কৃষকরা। কিন্তু রাজ্য সরকার ধান কেনার টার্গেট কমিয়ে দেওয়ায় উদ্বৃত্ত ধান কোথায় বিক্রি করবেন তা নিয়ে কিছুটা হলেও চিন্তায় কৃষকরা। ধান কেনার ক্যাম্প চালুর আগে প্রতিবারের মতো এবারও কৃষকের নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। সহায়ক মূল্যে ধান বিক্রিতে আগ্রহ প্রকাশ করে এখনও পর্যন্ত রাজ্যে ৫ লক্ষ ৫৩ হাজার ২১১ জন কৃষক নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন। এ কাজে এ পর্যন্ত রাজ্যে প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদ। ওই জেলায় ৮১ হাজার ৪১০ জন কৃষকের ই-কেওয়াইসি হয়েছে। দ্বিতীয় স্থানে মালদহ। এই জেলায় ৫১ হাজার ৭২ জন কৃষকের নাম রেজিস্ট্রেশন হয়েছে। ধান বিক্রির ১৫ দিন আগে স্লট বুকিং করতে হবে তাঁদের।
এদিকে, সহায়ক মূল্যে ধান কেনা শুরুর আগেই বাজারে আচমকা বেড়ে গিয়েছে চালের দাম। গত এক সপ্তাহে প্রিমিয়াম চালের দাম কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, উত্তর ২৪ পরগনার হাবড়া ও বর্ধমান থেকে আমাদের জেলায় চাল আসে। কিন্তু হঠাৎ আমদানি কমে গিয়েছে। যার কারণে খোলা বাজারে চালের দাম বাড়ছে। বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি রাজকুমার সাহানা বলেন, সরকার এবার ধানের সহায়ক মূল্য ও উৎসাহ ভাতা বাড়ানোয় যেসব কৃষক রাইস মিলে ধান দিচ্ছেন তাঁরাও দাম বাড়িয়ে দিয়েছেন। কয়েক সপ্তাহ আগেও যে বাসমতি ধান আমরা ২৮০০ টাকা কুইন্টাল দরে কিনেছি, সেই ধান এদিন সাড়ে তিন হাজার টাকা কুইন্টাল কিনতে হয়েছে। তবে এটাও ঠিক, ভালো মিনিকিট চাল আমরা ৫০ টাকায় দিতে পারব। কিছু চাল কয়েক হাত ঘুরে ব্র্যান্ড হিসাবে বাজারে যাওয়ায় অনেকটাই দাম বেড়ে যাচ্ছে। এটা প্রশাসনকে দেখতে হবে। ফাইল চিত্র



