Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রাম রাজবাড়িতে এবার দেবীর প্রসাদে পিৎজা-পাস্তা, দ্য প্যালেস রিসর্টের অতিথিরাও পাবেন স্বাদ

ঝাড়গ্রাম রাজবাড়ির ‘দ্য প্যালেস রিসর্ট’-এর দুর্গাপুজোয় এবার ইতালিয়ান খাবারের স্বাদ পাওয়া যাবে। ইতালির মিলান শহরের বাঙালিরা দীর্ঘদিন ধরে ধুমধাম করে দুর্গাপুজো করেন।

ঝাড়গ্রাম রাজবাড়িতে এবার দেবীর প্রসাদে পিৎজা-পাস্তা, দ্য প্যালেস রিসর্টের অতিথিরাও পাবেন স্বাদ
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রদীপ্ত দত্ত, ঝাড়গ্ৰাম; ঝাড়গ্রাম রাজবাড়ির ‘দ্য প্যালেস রিসর্ট’-এর দুর্গাপুজোয় এবার ইতালিয়ান খাবারের স্বাদ পাওয়া যাবে। ইতালির মিলান শহরের বাঙালিরা দীর্ঘদিন ধরে ধুমধাম করে দুর্গাপুজো করেন। দেবীকে দেওয়া হবে নিরামিষ পাস্তা। দ্য প্যালেস রিসর্টের অতিথিদেরও তা পরিবেশন করা হবে। রাজবাড়ির তরফে কলকাতার ইতালিয়ান কনস্যুলেটের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

Advertisement

ঝাড়গ্রাম রাজবাড়ির দ্য প্যালেস রিসর্টে পুজোর সময়ে নানা ধরনের খাবার পরিবেশন করা হয়। রাজবাড়ির রাজকীয় থালা ইতিমধ্যেই জনপ্রিয়। মাটির হাঁড়িতে রাখা পান্তাভাত, কচুর শাক, চিংড়ি ভাজা, আমাপোড়ার শরবৎ পরিবেশন করা হয়। অতিথিদের জন্য দেশি খাবারের আয়োজন কর হয়। এই বছর পুজোর থালিতে থাকছে ইতালির মিলান শহরের নিরামিষ পাস্তা। ভারতীয় পর্যটন মন্ত্রক ঝাড়গ্রাম রাজবাড়ির দ্য রিসর্ট প্যালেসকে বেসিক হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। বর্তমানে বিদেশের বিভিন্ন ভারতীয় দূতাবাসগুলিতে রাজবাড়ির দ্য প্যালেস রিসর্টের সন্ধান পাওয়া যাচ্ছে। রাজবাড়ির তরফে ঝাড়গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার উদ্যোগ শুরু হয়েছে। ঝাড়গ্রাম রাজবাড়ির দুর্গাপুজো জিতাষ্টমীর পর কৃষ্ণপক্ষের নবমী তিথিতে অস্ত্রপূজার মাধ্যমে শুরু হয়। সপ্তমীর দিন সকলে রাজবাড়ি থেকে খড়গ, রাজলক্ষ্মী, শালগ্রাম শিলা ও ঘট শোভাযাত্রা করে সাবিত্রী মন্দিরে নিয়ে যাওয়া হয়। দশমীর দিন ‘পাটাবিঁধা’ উৎসব সম্পন্ন করে পুজো শেষ হয়। ঐতিহ্যবাহী এই পুজো দেখতে দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। বর্তমানে প্রবাসী বাঙালিদের কছেও এই পুজোর আকর্ষণ বাড়ছে। ঝাড়গ্রাম রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজপুত যোদ্ধা সর্বেশ্বর মল্লদেব আকবরের সভাসদ মানসিংহের সঙ্গে ঝাড়গ্রামে এসেছিলেন। অরণ্য এলাকার মাল রাজাদের পরাজিত করে ঝাড়গ্রামে নিজের রাজ্য স্থাপন করেন। মোগল ও গথিক স্থাপত্যে গড়ে ওঠা এই রাজবাড়ি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাজবাড়ির সদস্যরা দ্য প্যালেস রিসর্ট পরিচালনার দায়িত্বে আছেন। বেসিক হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। রিসর্টে আসা অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাড়গ্রাম রাজবাড়ির সদস্য বিক্রমাদিত্য মল্লদেব বলেন, আমার পড়াশোনা ইতালিতে। মিলান শহরে দীর্ঘ সময় বসবাস করেছি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রবাসীদের নিয়ে ‘বাঙালি সমাজ’ নামে একটি সংগঠন আছে। সংগঠনটি প্রতিবছর দুর্গাপুজোর আয়োজন করে। পুজোতে প্রবাসী বাংলাদেশিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। পুজোয় দেবী দুর্গাকে খিচুড়ি ভোগ, ফলের সঙ্গে নিরামিষ পিৎজা, পাস্তা প্রভৃতি নিবেদন করা হয়। ইতালির অঞ্চল ভেদে পিৎজা ও পাস্তার ধরন আলাদা হয়। তবে দেবীর ভোগের জন্য আলাদা করে নিরামিষ করে আনা হতো। দ্য প্যালেস  রিসর্টে মিলান শহরের নিরামিষ পিৎজা ও পাস্তা এবারে খাবারের মেনুতে থাকছে। রিসর্টের অতিথিরা এবার ইতালির পিৎজা ও পাস্তার স্বাদ পাবেন। ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো দেখতে কলকাতার ইতালিয়ান কনস্যুলেটের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ঝাড়গ্রাম হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবাশিস চট্টোপাধ্যায় বলেন, আমারা আশাবাদী বিদেশি পর্যটকরা আগামী দিনে এখানে আসবে। জেলার পর্যটনের প্রসার বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ