নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এতদিন সাইকেলের গুণগত মান ও ফিটনেস পরীক্ষা করাতে যেতে হত পাঞ্জাবের লুধিয়ানায়। এবার সেই পরীক্ষার পরিকাঠামো গড়ে উঠতে চলেছে হাওড়ার শিবপুর আইআইইএসটিতে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের বিস্তীর্ণ ক্যাম্পাসে ছড়িয়ে থাকা প্রায় তিন হাজার গাছের পরিচয়, বৈশিষ্ট্য ও ব্যবহারও এবার জানা যাবে কিউআর কোড স্ক্যান করে। শিক্ষা, গবেষণা ও পরিবেশ সংরক্ষণকে একসূত্রে বেঁধে মঙ্গলবার ১৭১তম প্রতিষ্ঠা দিবসে এমনই একগুচ্ছ নতুন উদ্যোগের সূচনা করল শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
সাইকেল শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে প্রতিষ্ঠান। ভারত সরকারের এমএসএমই টেস্টিং সেন্টার, আইআইইএসটি এবং ইউনিরক্স বাইকস প্রাইভেট লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এদিন। এর ফলে বিভিন্ন সংস্থার তৈরি সাইকেলের গুণমান ও ফিটনেস পরীক্ষার পরিকাঠামো গড়ে উঠবে আইআইইএসটিতে। এতদিন এই পরীক্ষার জন্য নির্ভর করতে হত লুধিয়ানার উপর। নতুন ব্যবস্থায় কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা হাতে-কলমে পরীক্ষার সুযোগ পাবেন। ভবিষ্যতে ধাপে ধাপে ই-সাইকেল, ব্যাটারি স্টোরেজ ও গ্রিন এনার্জি গবেষণার ক্ষেত্রেও নতুন দিশা খুলবে।
অন্যদিকে, ক্যাম্পাসের সবুজ ঐতিহ্য সংরক্ষণেও বিশেষ উদ্যোগ নিয়েছে আইআইইএসটি শিবপুর। এদিন সকালে আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক গার্ডেনের সঙ্গে মউ স্বাক্ষর করে কর্তৃপক্ষ। এই চুক্তি অনুযায়ী, আগামী দুবছরের মধ্যে ক্যাম্পাসের প্রায় তিন হাজার গাছের বৈজ্ঞানিক পরিচিতি নির্ধারণ, ট্যাগিং এবং সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করা হবে। প্রতিটি গাছের পরিচিতি ও অন্যান্য তথ্য কিউআর কোডের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ফলে পড়ুয়া থেকে শুরু করে ক্যাম্পাসে আসা দর্শনার্থীরাও সহজে গাছগুলির বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে জানতে পারবেন।
এদিনই ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা অ্যাকাডেমিক অ্যানেক্স ভবনের উদ্বোধন এবং মাল্টি-স্পোর্টস কোর্ট চালু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব গভর্নরসের চেয়ারপার্সন তেজস্বিনী অনন্তকুমার, ডিরেক্টর অধ্যাপক ভি এম এস আর মূর্তি, আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী এবং প্রাক্তন রাষ্ট্রদূত অধ্যাপক জিতেন্দ্রনাথ মিশ্র। প্রতিষ্ঠানের স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ নিয়ে উপস্থাপনা, কর্মীদের সম্মাননা, সার্ভিস মাইলস্টোন অ্যাওয়ার্ড প্রদান এবং ‘আইআইইএসটি, শিবপুর—এ জার্নি অব ওয়ান সেভেন্টি ইয়ার্স’ স্মারক বই প্রকাশও ছিল অনুষ্ঠানের অঙ্গ। ডিরেক্টর জানান, ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে পরিবেশবান্ধব গবেষণা ও শিক্ষার পরিসর বৃদ্ধিই প্রতিষ্ঠানের লক্ষ্য। নিজস্ব চিত্র



