Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার আইটিআই মোড়ের পুজোয় নতুন কমিটি, ভিড় টানাই বড়ো চ্যালেঞ্জ

রাজ্যের জনপ্রিয় দুর্গাপুজোগুলির মধ্যে জায়গা করে নিয়েছে কল্যাণীর আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির দুর্গোৎসব

এবার আইটিআই মোড়ের পুজোয় নতুন কমিটি, ভিড় টানাই বড়ো চ্যালেঞ্জ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: রাজ্যের জনপ্রিয় দুর্গাপুজোগুলির মধ্যে জায়গা করে নিয়েছে কল্যাণীর আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির দুর্গোৎসব। তবে এবার এই পুজোয় এসেছে বড়োসড়ো পরিবর্তন। রাজ্যে পালাবদলের আবহে পুজোর সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা লুমিনাস ক্লাবকে এবার বাদ দেওয়া হয়েছে। শুধু আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির নামেই হচ্ছে পুজো। বদল এসেছে পুজো কমিটিতেও। পুজোর সঙ্গে যুক্ত থাকা তৃণমূল কংগ্রেস এক নেতা এবার কমিটিতে নেই। ফলে একেবারে নতুন কমিটির হাতে এবারের পুজোর দায়িত্ব।

Advertisement

স্বাভাবিকভাবে গত কয়েক বছরের মতো ভিড় টানা এবার তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ। যদিও উদ্যোক্তাদের দাবি, বিগত কয়েক বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। সেই ভিড় সামাল দেওয়া এবং দর্শনার্থীদের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করাও এবার নতুন কমিটির কাছে বড় দায়িত্ব।
এবারের পুজোর তাঁদের ভাবনা মায়ানমারের ‘সে তাও ম্যাচ প্যাগোডা’-এর আদলে মণ্ডপ। ওই বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় ১৫০ ফুট উঁচু এবং ১৩০ ফুট চওড়া বিশাল মণ্ডপ তৈরি হচ্ছে। মণ্ডপের ভিতরে থাকছে পিতল, অ্যালুমিনিয়াম ও স্টিলের চামচ, বাটি, প্রদীপ সহ নানা সামগ্রীর নিখুঁত হস্তশিল্পের কাজ। মণ্ডপশিল্পী উইলিয়াম সরকার। প্রতিমা নির্মাণ করছেন কুমোরটুলির শিল্পী প্রদীপ রুদ্রপাল। প্রতি বছরের মতো এবারও প্রতিমার গায়ে থাকবে বহুজাতিক সংস্থার প্রায় ১২০ কেজি সোনার গয়নার কারুকাজ। পুজোর এক উদ্যোক্তা তারক সরকার বলেন, এবার পুজোয় ভিড় আগের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে। 
অন্যদিকে, কল্যাণীর কয়েকটি পুজোর ভিড়কে ঘিরে প্রতি বছরই পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন ওঠে। গত কয়েক বছরে কল্যাণীর প্রধান রাস্তাগুলিতে পুজোর পর ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে খাবারের প্যাকেট, জলের বোতল ইত্যাদি। শহরের বাসিন্দাদের অভিযোগ, বাইরে থেকে আসা কিছু অসচেতন দর্শনার্থীর কারণেই এই পরিস্থিতি। এমনকী শহরের একাধিক বাড়ির সামনে এবং পাঁচিল টপকে বাড়ির ভিতরেও মলমূত্র ত্যাগের অভিযোগ উঠেছে। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকেও নজর দেওয়ার আশ্বাস মিলেছে। স্বাভাবিকভাবে নতুন কমিটি কত দর্শক টানতে পারে, তার পাশাপাশি পরিচ্ছন্নতা কতটা বজায় থাকে, সেটাও দেখবেন শহরের বাসিন্দারা। কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাসের গলাতেও মিলেছে শহরকে পরিচ্ছন্ন রাখার আশ্বাস। 
বিধায়ক বলেন, কল্যাণীর পুজো দেখতে রাজ্য ছাড়া বাইরের থেকেও লোক আসেন। এটা আমাদের গর্ব। তাই শহর পরিচ্ছন্ন রাখতে পুজোর সময় অতিরিক্ত স্বেচ্ছাসেবক নামানো হবে। এছাড়াও শহরের বন্ধ শৌচালয়গুলি খোলার পাশাপাশি একটি অতিরিক্ত বায়ো টয়লেট আনানো হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ