Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬

অ্যাপেল থেকে হাওয়া টেলিগ্রাম, মাথায় হাত নেটিজেনদের

সাতসকালেই বিশ্বজুড়ে অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে উধাও জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। ফলে নতুন ইউজার যাঁরা আইফোন ও আইপ্যাডে এই অ্যাপ ডাউনলোড করতে চাইছেন তাঁরা আর নতুন করে এটি ডাউনলোড করতে পারবেননা।

অ্যাপেল থেকে হাওয়া টেলিগ্রাম, মাথায় হাত নেটিজেনদের
  • ৪ আগস্ট, ২০২৬ ০৯:২২
Prefer us on Google

নয়াদিল্লি, ৪ আগস্ট: সাতসকালেই বিশ্বজুড়ে অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে উধাও জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। ফলে নতুন ইউজার যাঁরা আইফোন ও আইপ্যাডে এই অ্যাপ ডাউনলোড করতে চাইছেন তাঁরা আর নতুন করে এটি ডাউনলোড করতে পারবেননা। তবে আগে থেকেই যেসব ব্যবহারকারীর ডিভাইসে টেলিগ্রাম ইনস্টল ছিল তারা স্বাভাবিকভাবেই অ্যাপটি ব্যবহার করতে পারছেন।

Advertisement

এই বিষয়ে এখনো পর্যন্ত অ্যাপেল কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়নি। ফলে অ্যাপটি কেন হঠাৎ অ্যাপ স্টোর থেকে অদৃশ্য হয়ে গেল, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। পরে অবশ্য অ্যাপটি আবার অ্যাপ স্টোরে ফিরে আসে এবং নতুন করে ডাউনলোডের সুযোগও পুনরায় চালু হয়। টেলিগ্রামের এই সাময়িক অনুপস্থিতির নেপথ্যে কোনো নিয়ন্ত্রক সংস্থার হাত আছে কি না তা এখনো বোঝা যায়নি। তাছাড়াও কোনো নীতমালা লঙ্ঘন কিংবা নিরাপত্তাজনিত কোনো কারণ রয়েছে কি না তাও এখনো অনিশ্চিত। 

এমন সময় এই ঘটনা ঘটল, যখন টেলিগ্রাম এবং এর প্রতিষ্ঠাতা পাভেল দুরোভ এক টানোপোড়নের মধ্যে রয়েছেন। দুরোভের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে রাশিয়া। মস্কোর দাবি, টেলিগ্রামকে ব্যবহার করে দেশের ভিতরে উগ্রপন্থী কার্যকলাপ চালানো হচ্ছিল এবং এতে পরোক্ষভাবে মদত দিচ্ছিলেন খোদ সিইও। আরও অভিযোগ ইউক্রেনের গোয়েন্দারা এই অ্যাপটি কাজে লাগিয়ে কমবয়সী রুশ তরুণদের বিভিন্নভাবে প্ররোচনা দিচ্ছিল এবং তাঁদের নানান নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত করছিল।  রুশ তদন্তকারীদের দাবি, গত এক বছরে ১২ থেকে ২২ বছর বয়সী ৪৬ জন রুশ নাগরিককে এ ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 

অপরদিকে, পাভেল দুরভ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, টেলিগ্রামের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং প্ল্যাটফর্মটিতে সেন্সরশিপ আরোপের উদ্দেশ্যেই রাশিয়া সরকার এসব গল্প ছড়াচ্ছে। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে দুরোভ বলেন, 'যে সরকার নিজের দেশের নাগরিকদেরই ভয় পায়, তাদের কাছ থেকে এমন নাটকীয় আচরণ নতুন কিছু নয়।'

Advertisement
সম্পর্কিত সংবাদ