মুম্বই, ১৭ নভেম্বর: তিন দিনের মুম্বই সফরে এসেছেন ব্রিটেনের রাজপুত্র উইলিয়াম এবং তার স্ত্রী কেট মিডলটন। আর ভারতে এসে একেবারে অন্য মেজাজে ইংল্যান্ডের এই রয়্যাল দম্পতি। আজ একটি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বইয়ের বান্দ্রার রিকলেমেশন গার্ডেনে গিয়েছিলেন তাঁরা। এখানে রাখা ছিল একটি অটো। আর তা দেখে সটান চালকের আসনে বসে পড়েন উইলিয়াম। শুধু নিজে চালকের আসনে বসাই নয়, স্ত্রী কেটকে বসান যাত্রীর আসনে। এরপর নিত্যদিন ইংল্যান্ডের রাস্তায় অডি, ল্যান্ড রোভার ডিফেন্ডার চালানোয় অভ্যস্ত উইলিয়াম চালাতে শুরু করেন অটো। বেশ কিছুক্ষণ স্ত্রীকে পিছনে বসিয়ে অটো নিয়ে ঘোরেন ব্রিটেনের রাজপুত্র।
এর আগে গতকাল মুম্বইয়ের গলিতে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল উইলিয়াম এবং কেটকে। স্থানীয়দের সঙ্গে বেশ কিছুক্ষণ চুটিয়ে গলি ক্রিকেট খেলেন তাঁরা। আর তাদের সঙ্গে ছিলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকার।



