ফের দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ধ্বংসস্তুপে চাপা পড়ে গুরুতর আহত প্রায় ৭
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৫৮
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ নভেম্বর: ফের দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ল ধুলো আর ধ্বংসস্তূপ। আর সেই ধ্বংসস্তূপের নীচেই আটকে পড়লেন বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় এই ঘটনায় অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

Advertisement

দমকল সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বাড়ি ভেঙে পড়ার খবর আসে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও পর্যন্ত ৬ থেকে ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক। ভেঙে পড়া বাড়িটি ছিল পুরনো দোতলা কাঠামোর। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ধ্বংসস্তূপের নীচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে জোরকদমে চলছে উদ্ধার কাজ। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। 

উল্লেখ্য, গত কয়েক মাসে রাজধানীতে একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। গত সেপ্টেম্বর মাসে সত্য নিকেতনে পাঁচতলা একটি বাড়ি ভেঙে মৃত্যু হয়েছিল সাতজনের। ওই বাড়িটি একটি পেইং গেস্ট হিসেবে ভাড়া দেওয়া হত। তাই বেশ কয়েকজন পড়ুয়ার মৃত্যু হয়। এর পর গত ৫ নভেম্বর পুরনো দিল্লির হাউজ কাজিতে নির্মীয়মাণ তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হয় ছ'জনের। আর ১৫ নভেম্বর পাহাড়গঞ্জে আরও একটি বাড়ি ভেঙে বেশ কয়েকজন আহত হন। পরপর এমন ঘটনায় রাজধানীর বাড়িগুলির নির্মাণমান, রক্ষণাবেক্ষণ এবং পুরনো বাড়িগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।