নয়াদিল্লি, ১৭ নভেম্বর: দেশের আকাশপথে যাত্রীসংখ্যা যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে বিমান পরিষেবার পরিকাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তা। একদিকে নতুন নতুন রুটে বিমান চালানোর চাহিদা, অন্যদিকে পর্যাপ্ত বিমানের অভাব এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনতেই এবার আরও বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহণের চাহিদা মেটাতে আরও ১,০০০টি যাত্রীবাহী বিমান কেনার প্রস্তুতি রয়েছে বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
সোমবার মিশর সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোয়েল জানান, ভারত ইতিমধ্যেই ১,২০০টিরও বেশি বিমানের বরাত দিয়েছে। তবে আগামীদিনের চাহিদার কথা মাথায় রেখে প্রয়োজন হতে পারে ২,০০০টিরও বেশি বিমানের। সেই লক্ষ্যেই বিশ্বের প্রতিষ্ঠিত বিমান নির্মাতা সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র। শুধু নতুন বিমান কেনাই নয়, দ্রুত সেই বিমান হাতে পাওয়াও এখন সরকারের অন্যতম লক্ষ্য। দু'দিনের মিশর সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক মজবুত করার পাশাপাশি বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গোয়েল জানান, ভারত ও মিশরের মধ্যে আরও বেশি সরাসরি বিমান পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে। নতুন বিমান হাতে এলে দুই দেশের মধ্যে উড়ানের সংখ্যা বাড়ানো সম্ভব হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
বিশ্বের দ্রুততম বিকাশশীল অসামরিক বিমান পরিবহণ বাজারগুলির মধ্যে অন্যতম ভারত। যাত্রী চাহিদার সঙ্গে পাল্লা দিতে ইতিমধ্যেই বিপুল সংখ্যক বিমানের বরাত দিয়েছে দেশের দুই প্রধান বিমান সংস্থা ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। শুধু বিমান কেনাতেই সীমাবদ্ধ থাকতে চাইছেনা ভারত। দেশের মাটিতে বিমান ও বিমানের যন্ত্রাংশ উৎপাদনের পরিকাঠামোও শক্তিশালী করার চেষ্টা চলছে বলে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।



