ঝাড়খণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের হাতির মৃত্যু
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১১:১৬
Prefer us on Google

রাঁচি, ১৭ নভেম্বর: ফের রাতের অন্ধকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনা। সোমবার রাতে ধানখেতের উপর ঝুলে থাকা হাইভোল্টেজ তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় ওই হাতির। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায়।

Advertisement

বন বিভাগের এক আধিকারিক জানান, সোমবার রাতে গুন্ডা গ্রামের একটি ধানখেতের মধ্যে দিয়ে যাওয়ার সময় হাতিটি তারটির সংস্পর্শে আসে এবং ঘটনাস্থলেই মারা যায়।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বেশ কয়েকটি জায়গায় বিদ্যুতের হাইভোল্টেজ তার ঢিলেঢালাভাবে ঝুলে রয়েছে। বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গ্রামবাসীরা আরও জানান যে, দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে এই ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
কিছুদিন আগেই ঝাড়খণ্ডের খুন্তিতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যুর ঘটনা সামনে আসে। অক্টোবরেও সেই রাজ্যে একাধিকবার হাতির মৃত্যুসংবাদ পাওয়া যায়। তারপরেও কীভাবে এই ঘটনা? বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।