ডিজিটাল অ্যারেস্টের নামে ২০ দিন ধরে নজরবন্দি আইনজীবীকে! প্রতারণার ফাঁদে খোয়ালেন প্রায় ৪ কোটি টাকা
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১৩:৪৭
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ নভেম্বর: 'ডিজিটাল অ্যারেস্ট' এর  নামে সাইবার প্রতারণার আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল উত্তরপ্রদেশের নয়ডায়। নিউইয়র্কের এক অবসরপ্রাপ্ত আইনজীবীকে সিবিআই ও এনআইএ আধিকারিক পরিচয় দিয়ে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল একদল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। অভিযোগ, পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে তাঁর নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ২০ দিন ধরে তাঁকে কার্যত ভার্চুয়াল নজরবন্দি করে রাখা হয়েছিল।

Advertisement

প্রতারিত ব্যক্তির নাম অতুল তালওয়ার। দিল্লির বাসিন্দা অতুল ১৯৮২ সালে নিউইয়র্কে চলে যান। সেখানে প্রায় তিন দশক ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন। মূলত শ্রমিক সংগঠনগুলির হয়ে আইনি লড়াই করতেন তিনি। অবসর নেওয়ার পর ভারতে এসে গুরুগ্রামে তাঁর ভাইয়ের বাড়িতে থাকছিলেন। নয়ডার সেক্টর ৩০-এ নিজের পৈতৃক বাড়ির সংস্কারের কাজও দেখভাল করছিলেন। গত ৩১ জুলাই নিউইয়র্ক থেকে ভারতে আসেন তিনি। অভিযোগ, গত ১৭ অক্টোবর প্রথমে তাঁর কাছে ফোন আসে মুম্বইয়ের কোলাবা থানার এক পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে। ফোনে অপর প্রান্ত থেকে জানানো হয়, পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে তাঁর আধার কার্ডের তথ্য উঠে এসেছে। তাঁর আধার কার্ড ব্যবহার করে কানাড়া ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে ৫৩ কোটি টাকা লেনদেন হয়েছে বলে দাবি করা হয়। এমনকী, ওই লেনদেনের বিনিময়ে তিনি ৫ কোটি টাকা কমিশন পেয়েছেন বলেও অভিযোগ করা হয়। 

অভিযোগ অস্বীকার করলে আইনজীবীকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। এর পরই হোয়াটসঅ্যাপে সিবিআইয়ের এক সহকারী অধিকর্তার নামে একটি গোপনীয় চিঠি পাঠানো হয়। শুরু হয় তথাকথিত তদন্তের নামে মানসিক চাপ সৃষ্টি। প্রতারকরা তাঁকে অডিও ও ভিডিও কলের মাধ্যমে সারাক্ষণ নজরদারিতে রাখত। কে তাঁর সঙ্গে দেখা করতে আসছেন, কার সঙ্গে কথা বলছেন, কোথায় যাচ্ছেন সব তথ্য জানতে চাওয়া হত। ১৮ অক্টোবর প্রতারকরা তাঁকে আরও আতঙ্কিত করতে একটি ভিডিও দেখায় বলে অভিযোগ। সেখানে তাঁর বাড়ির কাছাকাছি জঙ্গিদের সঙ্গে যুক্ত দুই সশস্ত্র রক্ষীকে গ্রেপ্তার করার ঘটনা দেখানো হয়। পরের দিন, ১৯ অক্টোবর, প্রতারকরা নিজেদের সিবিআই ও এনআইএ আধিকারিক বলে পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে অনলাইন শুনানি শুরু করে। 

এরপর শুরু হয় টাকা হাতানোর প্রক্রিয়া। অভিযোগ, অতুলের ব্যক্তিগত ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংগ্রহ করে তাঁকে নিজের সঞ্চয় তদন্তের স্বার্থে জমা দিতে বলা হয়। তাঁর ব্যাংকের ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার ছিল। সেই অর্থ তুলে নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দেয় প্রতারকরা। পাশাপাশি তাঁর দুটি ব্রোকারেজ অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তরের জন্য এক ভুয়ো তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেওয়া হয়। প্রতারকরা বারবার আশ্বাস দিয়েছিল, তদন্ত শেষ হলেই তাঁর সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু ৭ নভেম্বর পর্যন্ত টাকা ফেরত না আসায় সন্দেহ হয় অতুলের। এরপরই প্রতারকরা তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তখনই তিনি বুঝতে পারেন, কোনও সরকারি তদন্ত নয়, বরং সুপরিকল্পিত সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। এরপর গৌতম বুদ্ধ নগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন অতুল। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১১ নভেম্বর তিনি নিউইয়র্কে ফিরে গিয়েছেন। সেখানে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের কাছেও অভিযোগ জানিয়েছেন। গৌতম বুদ্ধ নগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ (সাইবার সিকিউরিটি) শৈব্যা গোয়েল জানিয়েছেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।