অ্যাডিলেড: সিডনির বন্ডি সমুদ্রসৈকতের হত্যালীলার বিরুদ্ধে প্রতিবাদে একজোট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কালো আর্মব্যান্ড বেঁধে অ্যাসেজের তৃতীয় টেস্টে খেলবে দু’দল। অর্ধনমিত থাকবে পতাকাও। বুধবার ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার বর্ষীয়ান গায়ক জন উইলিয়ামসন শ্রদ্ধা জানাবেন প্রয়াতদের উদ্দেশে। তিনি গাইবেন ‘ট্রু ব্লু’ গান। তারপর এক মিনিটের জন্য পালিত হবে নীরবতা।
তবে শোকের এই আবহেও ক্রিকেটীয় ঘাত-প্রতিঘাত কমছে না। পাঁচ টেস্টের অ্যাসেজে হোমটিম আপাতত ২-০ এগিয়ে। অ্যাডিলেডেও জিতলে সিরিজ পকেটে পুরবে অজিরা। পিঠের চোট সারিয়ে এই টেস্টে ফিরছেন প্যাট কামিন্স। নিশ্চিতভাবেই এতে পেস আক্রমণ জোরদার হবে। খেলবেন অফ স্পিনার নাথান লিয়ঁও। টেস্টে দু’জনের মিলিত উইকেটসংখ্যা ৮৭১! প্রথম এগারো থেকে বাদ পড়ছেন ব্রেন্ডন ডোগেট ও মাইকেল নেসের। যদিও গাব্বায় দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন নেসের। ওপেনার উসমান খাওয়াজাও থাকছেন এগারোর বাইরে। তিনি অবশ্য নিজেকে একশো শতাংশ ফিট বলে দাবি করেছেন। কিন্তু অস্ট্রেলিয়া ওপেনিংয়ে নবীন জেক ওয়েদারল্যান্ডের সঙ্গী হিসেবে ট্রাভিস হেডকেই বেছেছে।
প্রথম দুই টেস্টে বেন স্টোকসের দলের কাছে আতঙ্ক হয়ে উঠেছিলেন মিচেল স্টার্ক। দুই টেস্টে তিনি নিয়েছেন ১৮ উইকেট। জো রুট, হ্যারি ব্রুকদের সামনে তাই বাঁ-হাতি পেসারকে সামলানোর বড় চ্যালেঞ্জ।