Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু তৃতীয় টেস্ট, নজরে বুমরাহ-আর্চার, চাপ টের পাচ্ছে ইংল্যান্ড, আত্মবিশ্বাসে ভরপুর গিলরা

ক্রিকেটের ধাত্রীগৃহ লর্ডসে আজ শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। সিরিজের ফল আপাতত ১-১। প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতলেও এজবাস্টনে দুর্দান্তভাবে ফিরে এসেছে টিম ইন্ডিয়া।

আজ শুরু তৃতীয় টেস্ট, নজরে বুমরাহ-আর্চার, চাপ টের পাচ্ছে ইংল্যান্ড, আত্মবিশ্বাসে ভরপুর গিলরা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ক্রিকেটের ধাত্রীগৃহ লর্ডসে আজ শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। সিরিজের ফল আপাতত ১-১। প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতলেও এজবাস্টনে দুর্দান্তভাবে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। ক্রিকেটারদের মনোবলও তুঙ্গে। তাছাড়া এই মাঠ ভারতের কাছে বেশ পয়মন্ত। তিরাশিতে এখানেই কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জয়। পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের মাঠগুলির মধ্যে ভারতের সবচেয়ে বেশি টেস্ট জয় (৩) এই মাঠেই। সব মিলিয়ে এবার চাপ অনেক বেশি স্টোকস বাহিনীর উপর। তাই কৌশল বদলে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছেন ইংরেজ ক্রিকেটাররা। পিচে ঘাস রয়েছে, ম্যাচের আগে কিছুটা কাটা হলেও হতে পারে। লর্ডসের উইকেটে শুরুতে বল যে অনেক বেশি নড়াচড়া করবে, তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে দুই দলই পেস আক্রমণকে আরও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে।

Advertisement

ম্যাচের আগেই প্রথম একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। পরিবর্তন একটাই। প্রায় চার বছর পর ফিরছেন পেসার জোফ্রা আর্চার। আর তা নিয়ে ইংল্যান্ড শিবির দারুণ উত্তেজিত। আসলে গত ম্যাচে গিল, ঋষভদের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো দিশাহারা লাগে ইংল্যান্ডের বোলিংকে। অ্যান্ডারসন, ব্রডের উত্তরসূরিদের দেখে অনেকেই হা-হুতাশ করছিলেন। তাই দুই ম্যাচে ১১ উইকেট নেওয়া জশ টংকে বাদ দিয়ে খেলানো হবে জোফ্রাকে। তবে এই ইংল্যান্ডকে যে ভয় পাওয়ার কিছু নেই, তা প্রমাণ করেছেন ক্যাপ্টেন গিল। দুই ম্যাচে তিনটি সেঞ্চুরি। ঝুলিতে ৫৮৫ রান। রয়েছে রেকর্ডের হাতছানি। নেতৃত্বের প্রবল চাপ নিয়ে এমন নজরকাড়া পারফরম্যান্স অতীতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটে। শুধু তো গিল নন, টপ অর্ডার টগবগ করছে। বাঁ হাতি যশস্বী জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুলের ওপেনিং জুটি সফল। দু’জনেই রয়েছেন রানের মধ্যে। কিছুটা নড়বড়ে তিন নম্বর পজিশন। তবুও টিম ম্যানেজমেন্ট আস্থা দেখাতে পারেন করুণ নায়ারের উপরই। আসলে কোচ গম্ভীর খুব বেশি পরিবর্তনের পথে হাঁটতে রাজি নন। তিনি কোর টিম ধরে রেখেই সিরিজ ২-১ করার কথা ভাবছেন। আরও একটি ইতিবাচক দিক হল, ভারতের লোয়ার অর্ডারও এজবাস্টনে রান পেয়েছিল। বিশেষ করে, দুরন্ত ফর্মে থাকায় নীচের দিকের ব্যাটসম্যানদের চাপ অনেকটাই কমে গিয়েছে।
লর্ডসে ফিরছেন বুমরাহ। দীর্ঘ বিশ্রামে তিনি তরতাজা। উইকেটের খিদেও রয়েছে। পেস ও বাউন্সি পিচে ভারতীয় ব্যাটারদের বিপাকে ফেলার যে কৌশল নিতে চাইছে ইংল্যান্ড, সেটা কিন্তু ব্যুমেরাং হতে পারে। মনে রাখতে হবে, বুমবুম উইকেট টেকার। হেডিংলেতে একা লড়েছিলেন। লর্ডসে তাঁর সঙ্গী হবেন যে দু’জন— সেই সিরাজ ও আকাশদীপ দারুণ ছন্দে। বাংলার আকাশ এজবাস্টনে দশ উইকেট নিয়েছিলেন, যা তাঁকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। সবমিলিয়ে ভারতের পেস আক্রমণের ঝাঁঝ চাপে রাখবে ইংল্যান্ড ব্যাটারদের। 
প্রশ্ন হচ্ছে, ক’জন পেসার নিয়ে নামবে টিম ইন্ডিয়া? বুমরাহ কার জায়গায় খেলবেন? গত ম্যাচে পাঁচ বোলারের ফর্মুলার সঙ্গে ব্যাটিংও শক্তিশালী করতে চেয়েছিলেন কোচ গম্ভীর। তাই জাদেজার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। ব্যাট হাতে তাঁরা ভরসা জুগিয়েছিলেন। লর্ডসেও তাঁদের খেলানো হতে পারে। সেক্ষেত্রে যশপ্রীত বুমরাহ ফিরবেন প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায়।
 ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল ৩-৩০ মিনিটে। সোনি ও জিওহটস্টারে সম্প্রচার।

Advertisement
সম্পর্কিত সংবাদ