Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

‘চোখ বেঁধে নিয়ে যায়’, পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ মিলনের!

বিস্ফোরক নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পুলিশের বিরুদ্ধে তাঁর বড় অভিযোগ। তিনি বলেন,‘নন্দীগ্রামে মিটিং করছিলাম। বৃষ্টি পড়ছিল। চন্ডীপুরে বিশ্রাম নিচ্ছিলাম। আমাকে বলল চলুন।’

‘চোখ বেঁধে নিয়ে যায়’, পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ মিলনের!
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৬
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: বিস্ফোরক নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পুলিশের বিরুদ্ধে তাঁর বড় অভিযোগ। তিনি বলেন,‘নন্দীগ্রামে মিটিং করছিলাম। বৃষ্টি পড়ছিল। চন্ডীপুরে বিশ্রাম নিচ্ছিলাম। আমাকে বলল চলুন।’ পুলিশের বিরুদ্ধে সিভিল ড্রেসেই জোরপূর্বক তাঁকে গাড়িতে তোলার অভিযোগ করেন তিনি। দুটো নতুন গামছা দিয়ে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল মন্দারমণিতে। এরপরে তাঁকে হুমকি দেওয়া হয় প্রার্থীপদ প্রত্যাহারের জন্য। তবে তা করতে রাজি হননি তিনি। এমটাই দাবি মিলন প্রধানের।

Advertisement

কংগ্রেস প্রার্থীর আরও দাবি, সেখানকার আইপিএস এবং ডিএসপি-ও নাকি সেখানেই উপস্থিত ছিলেন। তিনি তাঁদের বলেন,‘আমার পক্ষে সম্ভব নয়। আমি আইডিওলজি নিয়ে কাজ করি এবং আইডিওলজি নিয়েই বেঁচে আছি।’ 

তাঁকে হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছেন মিলন। কংগ্রেস প্রার্থী বলেন,‘আমাকে বলা হয়েছিল বিভিন্ন মামলায় হেনস্থা করা হবে।’ এই বক্তব্যের পরে রাজনৈতিক তরজা তুঙ্গে। 

একেতেই ‘হটসিট’ নন্দীগ্রাম। একেবারে হাইভোল্টেজ কেন্দ্র যাকে বলা যায়। যা কিনা খোদ মুখ্যমন্ত্রীর জেতা সিট। সেখানেই আবার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দুরই প্রাক্তন আপ্তসহায়ক নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। তিনি দেড় লক্ষের টার্গেটও বেঁধে দিয়েছেন। এরই মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুলছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।

উপনির্বাচনের তারিখ ঘোষণার পরে থেকেই একের পর এক নতুন মোড় নিতে দেখা গিয়েছে নন্দীগ্রামে। মিলন প্রধানের বিরুদ্ধে পুরানো একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিলেন তাঁকে। যদিও মঙ্গলবার তাঁকে সব মামলায় ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। তিনি বলেন,‘এটা মিথ্যে একটা মামলা।’ হেনস্থার অভিযোগ তুলছেন তিনি।

আপাতত মাঠে থেকেই লড়াই করবেন তিনি। অন্যদিকে মিলনকে সমর্থন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের। এরই মধ্যে আজ, বুধবার প্রচারে বেরিয়ে তাঁর গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস প্রার্থী। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ‘নন্দীগ্রামের মানুষ শিঁরদাড়া সোজা রেখে লড়াই করবেন। মাথা নত করবেন না। বিজেপির নেতৃত্ব যাঁরা, তাঁদের চোখে আজ জল’, বলেই কটাক্ষ করেন মিলন প্রধান।

Advertisement
সম্পর্কিত সংবাদ