Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় বুক স্টল হবেই, রাত পাহারার প্ল্যান সিপিএমের!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে পুজো কমিটিগুলোকে বার্তা দিয়েছেন, পুজোর সময় বামপন্থীদের স্টলে ‘দুর্গাপুজো’ শব্দ লিখতে হবে, ‘শারদোত্সব’ যেন না লেখা হয়

পুজোয় বুক স্টল হবেই, রাত  পাহারার প্ল্যান সিপিএমের!
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে পুজো কমিটিগুলোকে বার্তা দিয়েছেন, পুজোর সময় বামপন্থীদের স্টলে ‘দুর্গাপুজো’ শব্দ লিখতে হবে, ‘শারদোত্সব’ যেন না লেখা হয়। এই মন্তব্যের পর থেকেই তোলপাড় রাজ্য-রাজনীতি। সিপিএম নেতৃত্ব বলছেন, স্টল হবে। চ্যালেঞ্জ রইল। কিন্তু তাঁরা কি দুর্গাপুজো লিখবেন? নেতৃত্বের কথায়, শারদোত্সব বা দুর্গাপুজো কিছুই লেখা হয় না—যা লেখা হত, তাই লেখা হবে। প্রশ্ন উঠছে, লাল শালুর স্টলের যদি হামলা হয়? সে-কথা মাথায় রেখেই সিপিএম নেতৃত্বের পরিকল্পনা, যেসব স্টলে বই রাখা থাকে সেখানে স্বেচ্ছাসেবকরা সারা রাত থাকবেন। রাত পাহারা দেওয়া হবে।

Advertisement

প্রতিবছর কলকাতা জেলায় সিপিএমের প্রায় শতাধিক স্টল থাকে। রাজ্যে তা হাজার ছাড়িয়ে যায়। সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত বলছিলেন, ‘এবছরও কলকাতা জেলায় আমাদের শতাধিক স্টলই থাকবে। আমরা তো কখনো শারদোত্সব বা দুর্গাপুজো কিছুই লিখি না। যাদবপুরে যেমন বড়ো করে স্টল হয়, তেমনই হবে।’ সেখানে বিজেপি-বিরোধী পোস্টার থাকবে? সুদীপবাবু বলছিলেন, ‘সারাবছরই থাকে। সারাবছর আমরা বিজেপি বিরোধিতা করি। যদি হামলা হয়, আমরা প্রতিরোধ করব। স্বেচ্ছাসেবকরা থাকবেন, সাধারণ মানুষ থাকবেন। এর পাশাপাশি যেসব স্টলে বই থাকে, সেখানে সারারাত স্বেচ্ছাসেবকরা থাকবেন। রাত-পাহারা দেবেন তাঁরা।’ শুধু সিপিএম নয়, আরেক বাম দল এসইউসিরও বইয়ের স্টল থাকে রাজ্যজুড়ে। এসইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণ নস্কর বলছিলেন, ‘শহরজুড়ে একশো বেশি এবং রাজ্যজুড়ে হাজারের উপর স্টল থাকবে। আমরা পুলিশের অনুমতি নিয়েই স্টল করি। হামলা করতে এলে প্রতিরোধ হবে। স্টলে কখনোই দুর্গাপুজো বা শারদোত্সব লেখা থাকে না। এবারও থাকবে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ