Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগ মেডিক্যালে নেই থ্যালাসেমিয়া ইউনিট, আক্রান্ত ও পরিজনদের দুর্ভোগ

আরামবাগ মেডিক্যাল কলেজে থ্যালাসেমিয়া ইউনিট নেই। তার জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন আরামবাগ মহকুমার বাসিন্দারা।

আরামবাগ মেডিক্যালে নেই থ্যালাসেমিয়া ইউনিট, আক্রান্ত ও পরিজনদের দুর্ভোগ
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মেডিক্যাল কলেজে থ্যালাসেমিয়া ইউনিট নেই। তার জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন আরামবাগ মহকুমার বাসিন্দারা। হুগলির সদরে শহর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে রোগীদের। তাই আরামবাগ মেডিক্যালে থ্যালাসেমিয়া ইউনিট গড়ার দাবি উঠেছে। যদিও এই ব্যাপারে আরামবাগ মেডিক্যালের অধ্যক্ষ রমাপ্রাসাদ রায় বলেন, থ্যালাসেমিয়া আক্রান্তদের নিয়মিত রক্ত, ইনজেকশন দেওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। কিন্তু থ্যালাসেমিয়া নির্ণয় কেন্দ্র নেই। রক্তের নমুনা বাইরে পাঠাতে হয়। থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্য একটি অত্যাধুনিক যন্ত্রের প্রয়োজন। তাছাড়া আরামবাগ মেডিক্যাল থ্যালাসেমিয়া ইউনিট গড়ার অনুমোদন দেওয়ার আর্জি জানিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মেডিক্যাল কলেজ হওয়ার পরপরই তার আবেদন করা হয়। অনুমোদন মিললেই কাজ শুরু হয়ে যাবে। 

Advertisement

আরামবাগের বাসিন্দা স্বপন দলুইয়ের মেয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত। দীর্ঘদিন ধরে তাঁকে রক্ত নিতে হয়। আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই অবশ্য রক্ত পায়। কিন্তু মাঝেমাঝেই যেতে হয় চুঁচুড়ায়। সেখানে নানা ওষুধ নিতে হয়। এছাড়া রক্ত পরীক্ষা করাতে হয়। মাঝেমাঝে বাইরে থেকেই সেই পরীক্ষা করাতে হয় তাঁদের। তিনি মাংস বিক্রেতা। আয় খুব বেশি না। চুঁচুড়া যাতায়াতে তাঁর খরচও বেশি হচ্ছে। 
স্বপনবাবু বলেন, মেয়ের দেড় বছর বয়সে থ্যালাসেমিয়া ধরা পড়ে। আরামবাগ মেডিক্যাল থেকে রক্ত পেলেও মাঝেমাঝে চুঁচুড়া যেতে হয়। চুঁচুড়া যেতে গিয়ে সারাদিনই চলে যায়। তারসঙ্গে দুর্ভোগেও পড়তে হয়। আগে বর্ধমান বা কলকাতায় গিয়েছিলাম। কিন্তু সেখান থেকে চুঁচুড়ায় পাঠিয়েছে। বাড়ির কাছে মেডিক্যাল কলেজ রয়েছে। সেখানেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা হলে দুর্ভোগ কমে। 
আরেক থ্যালাসেমিয়া আক্রান্ত তরুণী বলেন, আরামবাগ মেডিক্যালে রক্ত নিতে গিয়েও আমাদের হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। দীর্ঘসময় লাইনে দাঁড়াতে হয়। তারসঙ্গে রক্তের প্রয়োজনীয় পরীক্ষার রিপোর্ট পাচ্ছি না। আরামবাগ মেডিক্যালে থ্যালাসেমিয়া ইউনিট হলে ভালো হয়। 
হাসপাতালের এক আধিকারিক বলেন, বর্তমানে আরামবাগ মেডিক্যালে থ্যালাসেমিয়া চিকিৎসার ব্যবস্থা নেই। থ্যালাসেমিয়া নিরীক্ষণও হয় না। শুধুমাত্র রক্ত দেওয়া হয়। মেডিক্যাল কর্তৃপক্ষের দাবি, আগে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্ত নেওয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হতো। বেডের অপ্রতুলতার জেরে তাঁদের অনেকেই মেঝেতে শুয়ে থাকতেন। কিন্তু সম্প্রতি হাসপাতাল চত্বরের কোভিড বিল্ডিংয়ে ডে কেয়ার ইউনিট চালু হয়েছে। রাখা হয়েছে স্বাস্থ্যকর্মী। ফলে রোগীদের সেখানে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট চালু করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তার পরিকাঠামোও রয়েছে আরামবাগ মেডিক্যালে। আগামী কয়েক মাসে তার অনুমোদন মেলার সম্ভাবনা রয়েছে। তার কাজ শুরু হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ