সংবাদদাতা, গঙ্গারামপুর: অল্প বৃষ্টিতেই জলমগ্ন গঙ্গারামপুর শহরের একাধিক ওয়ার্ড। দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে গঙ্গারামপুর শহরের বেহাল নিকাশি ব্যবস্থার ছবি সামনে চলে এসেছে। শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ব্লকপাড়া, ১৩ নম্বর ওয়ার্ডের ভোদংপাড়া ও ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় এখনও কংক্রিটের নিকাশিনালা হয়নি। অল্প বৃষ্টি হলেই শহরের এই এলাকাগুলিতে জল জমে যাচ্ছে। কোথাও আবার নিকাশিনালা নিয়মিত পরিষ্কার না হওয়ায় জল জমছে। শহরবাসীর একাংশের অভিযোগ, শহরে নিকাশিনালা তৈরি হলেও সংস্কারে কোনও পরিকল্পনা নেই। কোথাও নিকাশিনালা নেই। ফলে শহরের জল বের হতে পারছে না।
যদিও গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রর দাবি,শহরের নিকাশিনালা পরিষ্কার করা হয়। যেসব জায়গাতে জল বেরনোর পথ বন্ধ ছিল, পুরকর্মীরা তা পরিষ্কার করে দিয়েছেন। বর্ষায় নিকাশি ব্যবস্থায় কোনও সমস্যা হবে না।
চেয়ারম্যানের সংযোজন, কয়েক কোটি টাকা খরচ করে শহরের একাধিক জায়গায় কংক্রিটের নিকাশিনালা তৈরি করে দিয়েছি। কিছু জায়গায় নিকাশিনালা করা যাচ্ছে না। জায়গার সমস্যার কারণে। সেই সমস্যাও সমাধান করার চেষ্টা করছি।
ইতিমধ্যেই শহরের ৫১২ নং জাতীয় সড়কের দু’পাশে বড় নিকাশিনালার কাজ করছে পুরসভা। শহরবাসীর অভিযোগ, প্রত্যেকবার বর্ষায় শহরবাসীকে জল-যন্ত্রণায় পড়তে হয়। শহরের বাসিন্দা সর্বজিৎ গুহ বলেন, বাম আমল থেকে আমাদের ১৭ নম্বর ওয়ার্ডের কিছু পাড়াতে এখনও নিকাশিনালা নেই। এর জেরে ওই এলাকা জলমগ্ন হয়ে থাকে। কবে এই সমস্যা মিটবে, জানি না। ১৭ নম্বর ওয়ার্ডের ব্লকপাড়ায় তোলা ছবি।