Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রেলের আন্ডারপাসের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া

শিয়ালদহ-লালগোলা শাখার বলরামপুরে রেলওয়ে আন্ডারপাসের কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির হাওয়া ছড়িয়েছে

রেলের আন্ডারপাসের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: শিয়ালদহ-লালগোলা শাখার বলরামপুরে রেলওয়ে আন্ডারপাসের কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির হাওয়া ছড়িয়েছে। জোরকদমে কাজ চলছে। নিম্নচাপের বৃষ্টিতেও কাজ থমকে যায়নি। এলাকার মানুষ বহুদিন ধরে আন্ডারপাসের দাবি জানিয়ে আসছিলেন। এই এলাকার লেভেল ক্রসিংয়ে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ওই সড়কে গাড়ির চাপ ক্রমশ বাড়তে থাকায় যানজটও হচ্ছে। আন্ডারপাস হলে এসব সমস্যার সমাধান হবে।

Advertisement

বহরমপুর-সারগাছি রাস্তার উপর বলরামপুর রেলগেট পড়ে। শিয়ালদহ-লালগোলা শাখার ভাবতা ও বলরামপুর স্টেশনের মাঝে এই রেলগেট রয়েছে। দূরত্ব কম হওয়ায় বেশিরভাগ গাড়ি এই রাস্তা দিয়েই যাতায়াত করে। পুরনো ১২ নম্বর রাজ্য সড়ক দিয়ে শুধু বাস ও ভারী গাড়ি চলাচল করে। কিন্তু এই রাস্তায় গাড়ির চাপ খুব বেড়েছে। এই শাখায় ১২জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে কয়েকটি এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি মালগাড়িও রয়েছে। ফলে ঘন ঘন রেলগেট পড়ে যানজট চরমে ওঠে। এলাকার বাসিন্দা ও নিত্যযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে।
সেকারণে এলাকার বাসিন্দারা রেলগেটের বদলে রেল ওভারব্রিজ(আরওবি) বা আন্ডারপাসের দাবি জানিয়ে আসছিলেন। রেল সূত্রে খবর, আরওবি তৈরি সম্ভব ছিল না। তাই আন্ডারপাস তৈরি করা হচ্ছে। বহরমপুরের দিক থেকে রেলগেটের ডানদিক দিয়ে আন্ডারপাস বিপরীত দিকে উঠছে। দু’দিক থেকেই কাজ শুরু হয়েছে। মে মাসের মধ্যেই কাজ শেষের সময়সীমা নেওয়া হয়েছে। আন্ডারপাসের কাজ শুরু হওয়ায় বলরামপুর, বোরগাছি, সারগাছি, হরিদাসমাটি, কৃষ্ণমাটি সহ বহরমপুরের বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বলরামপুরের বাসিন্দা আনন্দ মণ্ডল বলেন, রেলগেটের বিকল্প রাস্তার জন্য আমরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম। এতদিনে কাজ শুরু হয়েছে। বিকাশ নন্দী বলেন, আন্ডারপাস হলে যানজট ও দুর্ঘটনার হাত থেকে মুক্তি মিলবে। রেলগেটের তলা দিয়ে ঝুঁকির যাতায়াত বন্ধ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ