Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রথম একাদশে সঞ্জুকে ঘিরে ঘোর অনিশ্চয়তা

কাল শুরু এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান-হংকং। পরের দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর নামবে ভারত। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। দুবাই পৌঁছনোর পর চুটিয়ে অনুশীলন করছেন সূর্যকুমার, শুভমান গিলরা।

প্রথম একাদশে সঞ্জুকে ঘিরে ঘোর অনিশ্চয়তা
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: কাল শুরু এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান-হংকং। পরের দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর নামবে ভারত। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। দুবাই পৌঁছনোর পর চুটিয়ে অনুশীলন করছেন সূর্যকুমার, শুভমান গিলরা। চনমনে মেজাজে দল। নেই কোনও চোট সমস্যা। তবে প্রথম একাদশ নিয়ে শিবিরে রয়েছে চাপা উত্তেজনা।

Advertisement

শুভমান গিল স্কোয়াডে ফেরায় ভারতের টপ অর্ডার ব্যাটিং বদলে যাচ্ছে। সব ঠিক থাকলে বাঁ হাতি অভিষেক শর্মার সঙ্গে ইনিংসের সূচনা করবেন ভাইস ক্যাপ্টেন গিলই। ছন্দে রয়েছেন অভিষেক। নেট সেশনে তুলে তুলে মারতে দেখা গেল তাঁকে। সঞ্জু স্যামসনের জায়গা অনিশ্চিত। শনিবার টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে গিল, অভিষেক, তিলক, সূর্য, রিঙ্কু, জিতেশ শর্মারা যখন নেটে গা ঘামাচ্ছিলেন, তখন ব্যাটিং কোচের তত্ত্বাবধানে আলাদা প্র্যাকটিস করেন সঞ্জু। তা দেখার পর অনেকের ধারণা, কেরলের উইকেটরক্ষক ব্যাটারকে হয়তো ডাগ-আউটে রেখেই দল সাজাতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। তবে দেশের জার্সিতে গত দশটি টি-২০ ম্যাচের মধ্যে তিনটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন সঞ্জু। পোড়খাওয়া সৈনিক। চাপের মুখে দলকে ভরসা দিতে পারেন। এই বিষয়গুলিও মাথায় রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে। তা সত্ত্বেও জিতেশ শর্মার পাল্লা ভারি। প্র্যাকটিসে উইকেটের পিছনে তিনি অনেক বেশি সময় কাটিয়েছেন সঞ্জুর চেয়ে। আসলে মিডল অর্ডারে জিতেশের মতো তরুণ মারকুটে ব্যাটারকে সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। 
দুবাইয়ে এখন বেশ গরম। তার জেরে ম্যাচের সময় পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা। ক্রিকেটারদের কিছুটা হলেও সুবিধা হয়েছে। কিন্তু তাপমাত্রা বেশি থাকায় উইকেট ভাঙবে দ্রুত। স্পিনাররা পাবেন বাড়তি সুবিধা। নেটে বরুণ চক্রবর্তীকে দীর্ঘসময় হাত ঘোরাতে দেখা গেল। ভুলত্রুটি শুধরে নিতে মরিয়া দেখাল কুলদীপ যাদবকেও। এই দুই স্পিনারের খেলার সম্ভাবনাই বেশি।
এশিয়া কাপে বুমরাহকে নিয়েও আগ্রহ অনেক বেশি। তারকা পেসার নিশ্চয়ই ফের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইবেন। প্রস্তুতিতে কোনও খামতি রাখছেনও না বুমবুম। অভিজ্ঞতাকে সঙ্গী করে তিনি বিপক্ষ দলের ব্যাটারদের ঘুম উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাঁর সঙ্গী হতে পারেন বাঁ হাতি অর্শদীপ সিং। শর্ট বল নিয়ে বেশি পরিশ্রম করতে দেখা গেল পাঞ্জাব কা পুত্তরকে। হার্দিক পান্ডিয়া আকর্ষণের কেন্দ্রে। ব্যাটিং-বোলিংয়ে জবরদস্ত শান দিলেন তারকা অলরাউন্ডার।
এদিকে, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কোনওরকম আপসে রাজি নন কোচ গৌতম গম্ভীর। দুবাই রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার ফর এক্সেলেন্সে হয়েছিল গিল, সূর্যদের ইয়ো-ইয়ো টেস্ট। মনে করা হচ্ছিল, ব্রঙ্কো টেস্ট আপাতত হবে না। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণিত করে দুবাইয়ে সূর্যদের ব্রঙ্কো টেস্ট হল চুপিসাড়ে। অর্থাৎ আগামী দিনে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে হলে রোহিত, কোহলিদেরও ব্রঙ্কো টেস্ট দিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ