নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, ইসলামপুর: একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টরকে তীব্র ভাষায় আক্রমণ করলেন গোয়ালপোখরের বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানি। রবিবার সন্ধ্যায় গোয়ালপোখরের ধরমপুর এলাকায় শহিদ দিবসের প্রস্তুতি নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল। সেখানে মন্ত্রী রব্বানি বলেন, বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে ভিক্টরের। গোয়ালপোখর, করণদিঘি কিংবা ইসলামপুরে ভিক্টরকে দেখলেই তাড়িয়ে দিন। মন্ত্রী আরও বলেন, লোকসভা নির্বাচনে কিউআর কোডের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করেছেন ভিক্টর। প্রথমবার নির্বাচন লড়ার জন্য কিউআর কোডের মাধ্যমে কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করেছেন বলে অভিযোগ মন্ত্রীর।
মন্ত্রীর এমন ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক বলে দাবি ভিক্টরের। তাঁর পাল্টা আক্রমণ, নির্বাচনের সময় কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ ছিল। তাই মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য কিউআর কোড ব্যবহার করা হয়েছে। জনগণ সেই কোডের মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছে। আমার সঙ্গে বিজেপির আঁতাত নেই। তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত আছে।
দুই বিরোধী নেতার চাপানউতোরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এপ্রসঙ্গে রায়গঞ্জের সাংসদ বিজেপির কার্তিক চন্দ্র পাল বলেন, আমার কাছে খবর আছে যেনতেন প্রকারে ভিক্টরকে তৃণমূলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিক্টরকে দলে নিতে পারলে জয় নিশ্চিত।
রাজনৈতিক মহলের আলোচনা,গত লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী ছিলেন ভিক্টর। মন্ত্রীর খাসতালুক সংখ্যালঘু অধ্যুষিত গোয়ালপোখরে ভিক্টর উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। সেই তুলনায় তৃণমূল প্রার্থী পিছিয়ে ছিলেন। সংখ্যালঘু এলাকায় এই ফলাফলের কারণে রাজনৈতিক মহলে মন্ত্রীর ভৃমিকা নিয়েও সমালোচনা হয়েছে। কার্যত, ভিক্টর সংখ্যালঘুদের একাংশের ভোট কাটায় তৃণমূল প্রার্থী জয়ী হতে পারেননি। বাজি মারে বিজেপি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। তাই গোয়ালপোখর ও চাকুলিয়ায় ভিক্টরকে ঠেকাতে মরিয়া শাসক দল। এই পরিস্থিতিতে ভিক্টরের সঙ্গে বিজেপির আঁতাত কিংবা বিজেপির হয়ে কাজ করছেন এই কংগ্রেস নেতা, সেই তত্ত্ব বারবার তৃণমূল নেতারা এলাকায় প্রচার করছেন। ধরমপুরের সভায় গোলাম রব্বানি। - নিজস্ব চিত্র।