নয়াদিল্লি: রবিবার এশিয়া কাপে ভারত-পাক মহারণ। উত্তেজনার পারদ যেমন চড়ছে। তেমনি রয়েছে অসন্তোষও। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ নিরীহ দেশবাসী। জবাবে সেনাবাহিনী চালিয়েছিল অপারেশন সিন্দুর। রকেটের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সীমান্ত পারের জঙ্গি ঘাঁটি। তাতেও ক্ষত পুরোপুরি সারেনি। অনেকেই দাবি করেছিলেন, এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বয়কট করুক ভারত। একদিকে রক্তগঙ্গা বইবে, অন্যদিকে ক্রিকেট খেলবে দুই দেশ— সেটা কখনও হতে পারে না।
কিন্তু সেই দাবি মানা হয়নি। ম্যাচ বাতিলের আবেদন ফিরিয়ে দিয়েছে আদালত। তবুও আম আদমির মধ্যে চরম ক্ষোভ অব্যাহত। অনেকেই টিভি’তে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি জানিয়ে প্রচার চালাচ্ছেন সমাজ মাধ্যমে। অভিনব প্রতিবাদে শামিল পাঞ্জাব কিংস। সোশ্যাল মিডিয়ায় তাদের একটি পোস্ট ঘিরে শোরগোল। সূর্যকুমার যাদব ও শুভমান গিলের ছবি লাগানো পোস্টে লেখা রয়েছে ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়। উপরে বিসিসিআই লোগো। কিন্তু প্রতিপক্ষ পাকিস্তানের কোনও উল্লেখ নেই। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানকে বয়কট করার বার্তাই দিয়েছে বলে মনে করা হচ্ছে।
অনেকেই বোর্ড কর্তাদের তোপ দাগছেন। অভিযোগ করা হচ্ছে, দেশের মানুষের আবেগ নিয়ে ছেলেখেলা হচ্ছে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন,‘কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনেই আমরা চলি। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁন্দুরের পর পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হবে না। একমাত্র এসিসি এবং আইসিসি’র টুর্নামেন্টে খেলবে ভারত।’